ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আজ শনিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুপুর সাড়ে ১২টায় সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এঁরা হলেন আবদুল খালেক (২৬) ও অজ্ঞাত এক ব্যক্তি (২৭)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এর মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে নাসির মিয়া (৩০) ও অজ্ঞাত আরেক ব্যক্তির (৭০) মৃত্যু হয়।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নূর হায়দার তালুকদার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোরে মাছবোঝাই টেম্পোর সঙ্গে ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। নিহত ব্যক্তিরা হলেন টেম্পোচালক লাল চান বাদশা (৩২) ও মাছ ব্যবসায়ী লক্ষ্মণ রাজবংশী (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার বহুরিয়া গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মাছবোঝাই একটি টেম্পো কালিয়াকৈর থেকে দেওহাটার দিকে যাচ্ছিল। মহাসড়কের সোহাগপুরে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লাল চান ও লক্ষ্মণ রাজবংশী নিহত হন। আহত হয় অপর তিন মাছ ব্যবসায়ী। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. কাদের প্রথম আলো ডটকমকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।