ব্রা‏হ্মণবাড়িয়ায় জামায়াত কর্মী গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বঙ্গবন্ধুর পোস্টারের অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরের অজ্ঞাত নেতা-কর্মী-সমর্থক ও সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার রাতে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বাদী হয়ে গতকাল মামলাটি করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতেই পুলিশ দৈনিক সংগ্রাম-এর নবীনগর প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক জামায়াতের কর্মী হেলালুদ্দিন খান খাদেমকে গ্রেপ্তার করে। আজ রোববার তাঁকে আদালতে চালান দেওয়া হবে বলে পুলিশ জানায়।পুলিশ জানায়, উপজেলা সদরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত বিভিন্ন পোস্টার সাঁটানো হয়। গত বৃহস্পতিবার রাতের আঁধারে ওই সব পোস্টারের ওপর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা ইসলামী ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত ‘এ রাষ্ট্রীয় সন্ত্রাসের শেষ কোথায়’ শীর্ষক আরেকটি পোস্টার লাগায়। এর ফলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগ যৌথ উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং পরে একটি প্রতিবাদ সভা করে সেখান থেকে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করার আল্টিমেটাম ঘোষণা করে। এর পরপরই পুলিশ মামলাটি করে।গ্রেপ্তার হওয়া জামায়াত কর্মী হেলালুদ্দিন খান বলেন, ‘জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ষড়যন্ত্রকারী একটি চক্রের ইশারায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, হেলালুদ্দিনের জামায়াতের সক্রিয় কর্মী হওয়ার বিষয়ে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।