ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
কলেজের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে কাজী শফিকুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবরোধ চলে। পরে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ও পুলিশ সুপার মোখলেছুর রহমান ঘটনাস্থলে পৌঁছে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়।সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সারওয়ার হোসেন জানান, সকাল নয়টার দিকে কলেজের সামনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ওই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শিলা দাস গুরুতর আহত হয়। তাকে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকায় পাঠানো হয়।ছাত্রী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। ওই কলেজের শিক্ষার্থী নূর আলম জানান, গতিরোধক ও কমগতিতে গাড়ি চালানোর দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের উচ্চমহল থেকে এখানে শিগগির গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়।