ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট-কুমিল্লা ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।পুলিশ ও গ্রামবাসী জানায়, কলামুড়ি গ্রামের এক কলা-বিক্রেতাকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে আজ উপজেলার কলামুড়ি ও নন্দনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এর জের ধরে সকাল সাড়ে নয়টার দিকে উভয় গ্রামের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সিলেট-কুমিল্লা ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের নন্দনপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা দুই মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ ছিল। সদর থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।