ব্রাহ্মণবাড়িয়া ও মহেশখালীতে ১৪৪ ধারা
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর ও এর আশপাশ এলাকায় এবং মহেশখালী লিডারশিপ কলেজ মিলনায়তন এলাকায় আজ রোববার ১৪৪ ধারা জারি করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে সুন্নি আন্দোলন পরিষদ ও কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদ মুখোমুখি অবস্থান নেওয়ায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মহেশখালী লিডারশিপ কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ এক সমাবেশের ডাক দেয়। আর একই সময় সেখানে মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। তাই সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল আটটা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে সুন্নি আন্দোলন পরিষদ আজ সকাল থেকে একটি আনন্দ মিছিল (জশনে জুলুসে) বের করার ঘোষণা দেয়। একই সময়ে কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদ তা প্রতিহত করার ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর এবং এর আশপাশ এলাকায় এ আদেশ বহাল থাকবে।এদিকে, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, সুন্নি আন্দোলন পরিষদ তাদের কর্মসূচি ঘোষণা করলেও কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদ কোনো কর্মসূচি দেয়নি। তার পরও উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে।মহেশখালী: মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। একই স্থানে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদির উপস্থিত থাকার কথা। তিন দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এ নিয়ে গতকাল বিকেলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই পক্ষের লোকজন নিয়ে বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। পরে আজ সকাল আটটা থেকে মিলনায়তনে ১৪৪ ধারা জারি করা হয়।এ প্রসঙ্গে মহেশখালী ইউএনও এ টি এম কাউসার হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, সংঘর্ষ এড়াতে প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেয়।