চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম পরেশচন্দ্র শর্মা আজ বুধবার শুনানির পর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ‘১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনাটি ব্রিগেডিয়ার রহিম জানতেন। অথচ তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অস্ত্র খালাসের সময় এনএসআইয়ের সাবেক উপপরিচালক মেজর লিয়াকত হোসেন ইউরিয়া সার কারখানার জেটি ঘাটে ছিলেন। এ ব্যাপারে রহিমের কাছে আরও অনেক কিছু জানার আছে। আমরা যুক্তি তুলে ধরলে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’রিমান্ড চাওয়ার যৌক্তিকতা তুলে ধরে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। এতে বলা হয়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্য ছিলেন এনএসআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী। প্রতিবেদনে বলা হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ খালাসের সঙ্গে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান জড়িত ছিলেন বলে এনামুর রহমান জানতে পারেন। তিনি এনএসআইয়ের তত্কালীন মহাপরিচালক রহিমকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু রহিম এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। এমনকি ঘটনার সঙ্গে জড়িত আকবর হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি। উল্লেখ্য, সিআইডি গত বছরের ১৫ মে ব্রিগেডিয়ার রহিমকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে। এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব তাঁকে জড়িয়ে আদালতে বক্তব্য দেওয়ায় তিনি গ্রেপ্তার হন। পরে রহিম অস্ত্র আইনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।