ব্রিজটি যেন মরণফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের খাঁচাটি ছোট হওয়ায় এর ওপর দিয়ে যাওয়া ট্রেনের ছাদে ভ্রমণ করা যাত্রীরা মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৪৫ জন যাত্রী এই ব্রিজের খাঁচায় বাড়ি লেগে নিহত হয়েছেন।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বিশের দশকে উত্তর-দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের জন্য ব্রিটিশ সরকার এই রেলপথ ও রেলব্রিজটি তৈরি করে। কিন্তু সময়ের পরিবর্তনে ট্রেনে ভ্রমণকারী যাত্রীর সংখ্যা বাড়লেও ব্রিজটির কোনো পরিবর্তন ঘটেনি। ফলে ছোট খাঁচার এই ব্রিজটিতে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে প্রতি ঈদে ট্রেনের ছাদে যাত্রী বহনের সময় খাঁচার সঙ্গে বাড়ি খেয়ে দুই-একজনকে প্রাণ হারাতে হয়।একটি বেসরকারি হিসাবে দেখা গেছে, এই ব্রিজের খাঁচায় ধাক্কা লেগে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ২০০৭ সালে ১২ জন, ২০০৮ সালে ১১ জন এবং ২০০৯ সালে সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে নিহত হয়েছে নাম না জানা আরও অনেকে। পরিচয়হীন অবস্থায় তাদের স্থানীয় আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হয়েছে।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, চলতি বছরের ২৫ অক্টোবর ব্রিজের খাঁচায় আঘাত লেগে দুই অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। গত ঈদুল আজহার পরদিন বৃহস্পতিবার দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস থেকে দুজন ও পরদিন শুক্রবার ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস থেকে একজন এবং সোমবার একজনসহ মোট চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবকের পরিচয় জানা গেছে। তাঁর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার সারাইংগাই গ্রামে।এলাকাবাসী জানায়, এই রেলব্রিজটি বর্তমান রেলব্রিজগুলোর মাপের চেয়ে অনেক নিচু। ফলে ট্রেনের ছাদে ভ্রমণকারী যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়েন। অনেকেই সতর্কতার সঙ্গে শুয়ে পড়েন। শুয়ে পড়লে আর কোনো সমস্যা হয় না। ঈদে যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককেই ট্রেনের ছাদে বাড়ি যেতে হয়। এ কারণে ঈদের সময় দুর্ঘটনা বেশি ঘটে।পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের ডেপুটি রেলওয়ের ব্যবস্থাপক এ কে এম মাহবুবুল আলম এসব দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ব্রিটিশ আমলে ব্রিজটি নির্মিত হয়েছে। অন্যান্য ব্রিজের মাপের চেয়ে এই ব্রিজের খাঁচা একটু নিচুভাবেই তৈরি হয়েছিল। ফলে দুর্ঘটনাগুলো ঘটছে। ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি না করা হলে এ দুর্ঘটনা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরও বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। তাই এ থেকে সবার বিরত থাকা উচিত।