ব্রিটিশ এমপি রুশনারা সঙ্গে নিলেন সূর্যবানুর কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে এসে আমার মনের জোর আগের চেয়ে বেড়েছে। ইউরোপের চেয়ে এখানকার মানুষের মনের জোর বেশি। অনেক সক্রিয় তারা। চরম দুর্যোগের মধ্যেও তারা লড়াই করতে জানে। টিকে থাকতে পারে।’প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন রুশনারা আলী। জলবায়ু আদালতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে গত বুধবার বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি।মাতৃভূমি থেকে কী নিয়ে যাচ্ছেন জানতে চাইলে রুশনারা প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সব হারানো জেলেপল্লির সূর্যবানুর কষ্ট ও বেদনা শুনেছি। তাঁদের জীবনে ঘটে যাওয়া ক্ষতির কথা ব্রিটেনের সর্বোচ্চ মহলে পৌঁছে দিতে চাই। ব্রিটিশ সরকার বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার যে আশ্বাস দিয়েছে, তা যেন তারা পালন করে। সেই লক্ষ্যে পার্লামেন্টে সোচ্চার থাকব।’ব্রিটেন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে মূল্যায়ন করেন, জানতে চাইলে ৩৪ বছর বয়সী এই ব্রিটিশ এমপি অতীতে ফিরে যান। ভারতবর্ষে ব্রিটেনের ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতের সেই পরিস্থিতি অনেক বদলেছে। গত এক দশকে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক অগ্রগতি হয়েছে। বাংলাদেশে এই সময়ের মধ্যে ব্রিটেনের উন্নয়ন-সহায়তা দ্বিগুণ হয়েছে। ব্রিটেন বাংলাদেশে অন্যতম বড় বিনিয়োগকারীও বটে।ব্রিটেনের লেবার পার্টির নেতা ডেভিড মিলিব্যান্ড মন্ত্রী থাকা অবস্থায় সে দেশের পার্লামেন্টে বাংলাদেশে জলবায়ুর প্রভাবজনিত ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে সহায়তা ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের বিপন্নতার ব্যাপারে ব্রিটেনের বেশির ভাগ মানুষ বেশ সংবেদনশীল ও ইতিবাচক। এই পরিস্থিতি কাজে লাগিয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সহানুভূতি ও সহায়তা আদায়ে কাজ করতে চান রুশনারা আলী।রুশনারা বলেন, ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত লোকের সংখ্যা পাঁচ লাখ। কিন্তু বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা ইংরেজি ভাষায় দক্ষতা না থাকা। প্রথম প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা ব্রিটেনের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে কাজ করা থেকে শুরু করে নিম্নমানের চাকরি করেছেন। বর্তমান প্রজন্ম অনেক এগিয়েছে। তাঁরা ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পেশা থেকে শুরু করে সরকারি প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন।রাজনীতিতে অংশ নেওয়ার প্রেরণা কী জানতে চাইলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও দর্শনের প্রাক্তন ছাত্রী রুশনারা বলেন, টাওয়ার হ্যামলেট এলাকায় সোমালিয়াসহ আফ্রিকার অনেক দেশের মানুষের বসতি। বেথনাল গ্রিন বোতে লন্ডনের সবচেয়ে বেশি শিক্ষিত বেকার। সামাজিক যোগাযোগ কম থাকা এবং সাম্প্রতিক বিশ্বমন্দার কারণে ওই এলাকার বাঙালিরা বেকারত্বের সমস্যায় ভুগছে। মেয়র কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্তরে বাঙালিরা এগিয়ে আসছিল, কিন্তু সংসদে কোনো অংশগ্রহণ ছিল না। তাদের পক্ষে কথা বলা, সমস্যার সমাধান করার জন্য মূলত রাজনীতিতে আসেন বলে জানান তিনি।রুশনারা আলীর জন্ম সিলেটে। সাত বছর বয়সে ব্রিটেনে পাড়ি দিয়ে লন্ডনের দরিদ্রপ্রধান এলাকা বেথনাল গ্রিন বোতে বসবাস শুরু। ওই এলাকা থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। বাংলাদেশ ও ব্রিটেন অথবা সিলেট ও লন্ডন—এই দুই স্থানের বৈপরীত্য কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, ‘সিলেটে অনেক ধনী ব্যক্তি ও প্রভাবশালী রাজনীতিবিদের বসবাস থাকলেও সেখানেও দারিদ্র্য আছে। বিভিন্ন সময়ে বাংলাদেশ সফরে এসে এমনকি এবারও আমি দেখেছি যে সিলেটের অনেক এলাকায় চরম দরিদ্র লোকের বসবাস রয়েছে। বিশেষ করে হাওর এলাকার বেশির ভাগ মানুষই দরিদ্র। আবার অন্যদিকে লন্ডনে আমার নির্বাচনী এলাকায় ব্রিটেনের অনেক ধনী লোকের বসবাস। ফলে এখানে মূল সমস্যা হচ্ছে বৈষম্য। ব্রিটেন ও বাংলাদেশ দুই দেশেই অভ্যন্তরীণ বৈষম্য বেড়েছে।’নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশের উন্নয়নে আপনি ভূমিকা রাখবেন। আগামী দিনে সেই ভূমিকা আমরা কীভাবে দেখতে পাব? এই প্রশ্নের উত্তরে রুশনারা বলেন, ‘লেবার পার্টি ক্ষমতায় থাকাকালে ২০১৩ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য ব্রিটেনের উন্নয়ন-সহায়তা মোট জাতীয় আয়ের শূন্য দশমিক সাত শতাংশ পর্যন্ত উন্নীত করার বিষয়টি বাধ্যতামূলক করতে একটি আইন পাসের প্রক্রিয়া চলছিল। যেহেতু লেবার পার্টি এখন ক্ষমতায় নেই, তাই আমরা শুধু এ বিষয়ে সরকারকে চাপ দিতে পারি। ক্ষমতায় গেলে আমরা তা বাস্তবায়নের জন্য কাজ করব।’সাক্ষাৎকার নেওয়ার সময় বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রসঙ্গ চলে আসে। এ ব্যাপারে রুশনারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ এমনকি ইউরোপেও বিনিয়োগ করছেন। বাংলাদেশে তাঁদের বিনিয়োগ আনতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছেন বলে জানান। তিনি আরও বলেন, উন্নত দেশগুলো বিশ্বমন্দার কারণে অর্থনৈতিকভাবে অভ্যন্তরীণ চাপে আছে। এ কারণে উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্রিটেনসহ উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে দেশে-বিদেশে অনেক আলোচনা হচ্ছে।সাংসদ হিসেবে আপনি এ ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখবেন—এই প্রশ্নের উত্তরে রুশনারা বলেন, বাংলাদেশের জলবায়ুজনিত ক্ষতির নৈতিক ও আর্থিক দায় উন্নত বিশ্বকে নিতে হবে। ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে বিষয়টি অনেক স্পষ্টভাবে উঠেছিল। মেক্সিকোর কানকুনে আসন্ন সম্মেলনেও বাংলাদেশের ক্ষতিপূরণের বিষয়টিকে জোরালেভাবে তুলে ধরতে হবে। তিনি ব্রিটেনসহ ইউরোপে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করবেন। তিনি আশা করেন, অক্সফাম বাংলাদেশে যে প্রতীকী জলবায়ু আদালতের সূচনা করল, তা অন্যান্য দেশেও আয়োজন করবে। এভাবে বিশ্বব্যাপী চাপ তৈরি করতে হবে।কিন্তু বাংলাদেশে সিডর ও আইলার সময় ব্রিটেনসহ ধনী দেশগুলোর কাছ থেকে যথেষ্ট সহায়তা পাওয়া যায়নি। পাকিস্তানে বন্যার সময় ব্রিটেনসহ উন্নয়ন সহযোগী দেশগুলো বিপুল সহায়তা দিয়েছে। এ ক্ষেত্রে কি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের দুর্যোগ ও সমস্যার বিষয়টি যথেষ্ট ভালোভাবে তুলে ধরতে পারেনি?এই অভিযোগ তুললে রুশনারা কিছুটা আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে বলেন, ‘পাকিস্তানের বন্যা আর বাংলাদেশের ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসকে তুলনা করে দেখার পক্ষপাতি আমি নই। যেকোনো দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তবে জলবায়ু আদালতে এসে আমার দৃষ্টিভঙ্গি অনেক বদলেছে। জলবায়ুবিপন্ন উপকূলবাসীর কান্না ও বিলাপ আমাকে স্পর্শ করেছে। বাংলাদেশের মানুষের সক্রিয়তার শক্তি ও বিপন্নতার ঝুঁকি আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা হবে আমার সামনের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’