ব্রিটিশ পার্লামেন্টে জুনে ভাষণ দেবেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন। যুক্তরাজ্যের কর্মকর্তারা আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান। শান্তিতে নোবেল জয়ী সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষ থেকে গত মাসে জানানো হয়েছিল, জুনে নরওয়ে ও ব্রিটেন সফরে যাবেন সু চি। তবে এই প্রথম ব্রিটিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেন।বিগত ২৪ বছরের মধ্যে এটাই হবে সু চির প্রথম বিদেশ সফর। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে ১৮ জুন থেকে এক সপ্তাহের জন্য সে দেশ সফরে যাবেন সু চি।কর্মকর্তারা জানান, যুক্তরাজ্য সফরের সময় দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন সু চি। এটি তাঁর জন্য হবে এক বিরল সম্মান। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং গত বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিয়েছেন। এ সফরের সময় তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ডে যাওয়ারও কথা রয়েছে সু চির।