ব্রিটিশ পুলিশের সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটিশ পুলিশের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন। অ্যাসাঞ্জের ব্রিটিশ আইনজীবী মার্ক স্টিফেনস গতকাল সোমবার বিবিসিকে এ কথা বলেছেন। মার্ক স্টিফেনস বলেন, তিনি ও তাঁর মক্কেল ব্রিটিশ পুলিশের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন। তবে তিনি ব্রিটিশ পুলিশের সঙ্গে সাক্ষাৎকারের কোনো সুনির্দিষ্ট সময় জানাননি।সুইডেন পুলিশ অ্যাসাঞ্জের বিরুদ্ধে সে দেশে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর ধারাবাহিকতায় ইন্টারপোলও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদিকে ব্রিটিশ পুলিশ গতকাল সোমবার জানিয়েছে, সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র তারা হাতে পেয়েছে।অ্যাসাঞ্জের ওই আইনজীবী জানিয়েছেন, গতকাল শেষ বিকেলে লন্ডন পুলিশ তাঁকে জানিয়েছে, তারা সুইডেনের কাছ থেকে অ্যাসাঞ্জকে হস্তান্তরের একটি অনুরোধ পেয়েছে। মার্ক স্টিফেনস বলেছেন, ‘ব্রিটিশ পুলিশ অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছে। তবে তিনি কোনো মামলায় অভিযুক্ত হননি। আমরা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছি। এটি হবে পূর্বনির্ধারিত সাক্ষাৎকার।’ সুইডেনের আইনি কর্তৃপক্ষ বলেছে, তারা ব্রিটিশ পুলিশের কাছে তাদের অনুরোধকৃত সব তথ্য হস্তান্তর করেছে।সম্প্রতি উইকিলিকস ধারাবাহিকভাবে আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে মার্কিন গোপন দলিল এবং মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে ওয়াশিংটনের তোপের মুখে পড়ে। অ্যাসাঞ্জ আশঙ্কা করছেন, তিনি ও তাঁর সহযোগীরা গুপ্ত হত্যার শিকার হতে পারেন। অ্যাসাঞ্জ বর্তমানে ব্রিটেনে আত্মগোপন করে আছেন বলে সে দেশের একটি প্রভাবশালী সংবাদপত্রের খবরে বলা হয়েছে। বিবিসি।