ব্রিটিশ রাজসিংহাসনে মেয়েসন্তানেরও সমান অধিকার
ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য আর থাকছে না। এখন থেকে রাজা বা রানির বড় ছেলেই কেবল নয়, প্রথম সন্তান মেয়ে হলেও (পরে জন্ম নেওয়া ভাইয়ের বদলে) সে-ই রাজসিংহাসনের উত্তরাধিকারী হবে।অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত কমনওয়েলথ রেল্ম দেশের সম্মেলনে নেতারা ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারের বিধিতে প্রস্তাবিত পরিবর্তন অনুমোদন করেছেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যসহ যে ১৬টি কমনওয়েলথভুক্ত দেশের আলঙ্কারিক প্রধান, তাদের কমনওয়েলথ রেল্ম দেশ বলা হয়। গতকাল শুক্রবার সকালে রানি দ্বিতীয় এলিজাবেথ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পার্থ কনভেনশন সেন্টারে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ব্যাপারে নারী-পুরুষের সম-অধিকারের পাশাপাশি এর আগে রাজা বা রানির রোমান ক্যাথলিক সম্প্রদায়ের কাউকে বিয়ে করার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।ব্রিটিশ সিংহাসনের ৩০০ বছরের পুরোনো উত্তরাধিকারী আইন অনুসারে, রাজা-রানির প্রথম ছেলেসন্তানই উত্তরাধিকারী নির্বাচিত হতো। যদি ছেলেসন্তান না থাকে, কেবল সে ক্ষেত্রেই মেয়েরা উত্তরাধিকারী নির্বাচিত হওয়ার সুযোগ পেত। যেমনটি ঘটেছে বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের ক্ষেত্রে। বাবা ষষ্ঠ জর্জের কোনো ছেলেসন্তান না থাকায় তিনি উত্তরাধিকারী নির্বাচিত হয়েছিলেন।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক সংবাদ সম্মেলনে উত্তরাধিকারী আইনে এ পরিবর্তনের কথা ঘোষণা করে বলেন, ‘রাজসিংহাসনের উত্তরাধিকারী হবে পরিবারের বড় ছেলে—এই নিয়মের পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্য দিয়ে ছেলে বা মেয়ে যে-ই আগে জন্ম নেবে, সেই হবে সিংহাসনের দাবিদার।’কমনওয়েলথের কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যে কিছুদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের পর এ আলোচনা নতুন মাত্রা পায়। এএফপি ও বিবিসি অনলাইন।