ব্রিটিশ শিশু অপহরণের ঘটনায় তিন জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে পাঁচ বছর বয়সী ব্রিটিশ শিশু সাহিলের অপহরণের ঘটনায় স্পেন থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন পাকিস্তানি পুরুষ ও তৃতীয় জন এক রোমানিয়ান নারী।প্যারিস থেকে সাহিলের মুক্তিপণের এক লাখ ১০ হাজার পাউন্ড নিয়ে ফেরার পর পুলিশ প্রথমে ওই নারীসহ দুজনকে গ্রেপ্তার করে। স্পেনের পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের দুই আত্মীয়কে প্যারিসে আটক করেছে ফরাসি পুলিশ।গত মঙ্গলবার সাহিলের মুক্তির আগ পর্যন্ত ওই তিন জনকে গ্রেপ্তার না দেখিয়ে কড়া নজরে রাখা হয়।গ্রেপ্তারকৃত ওই তিন জন যে ফ্ল্যাটে থাকতো সেখান থেকে পুলিশ একটি মোবাইল উদ্ধার করেছে। এটি দিয়ে সাহিলের বাবার সঙ্গে যোগাযোগ করত অপহরণকারীরা। এ ছাড়া ওই ফ্ল্যাট থেকে পুলিশ এক লাখ পাঁচ হাজার পাউন্ড ও চার হাজার ৯১৬ ইউরো এবং একটি কম্পিউটার উদ্ধার করেছে।পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, এই অপহরণের সঙ্গে একটি আন্তর্জাতিক সংঘ জড়িত রয়েছে।পুলিশ জানায়, যেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই এলাকা থেকেই অপহরণকারীরা প্রথমে মুক্তিপণ চেয়ে ফোন করে। আর এই ফোনটিকে ট্র্যাক করেই তদন্তকারীরা বুঝতে পারে অপহরণকারীরা স্পেনে অবস্থান করছে। অপহরণকারীরা সাহিলের বাবাকে মুক্তিপণের টাকা নিয়ে প্রথমে ম্যানচেস্টার ও পরে প্যারিসে আসতে বলে। তারা সাহিলকে গত মঙ্গলবার ছেড়ে দেয়। ৩ মার্চ ছুটি কাটাতে বাবার সঙ্গে পাকিস্তানে বেড়াতে গিয়েছিল সে। ইসলামাবাদের ১০০ কিলোমিটার দক্ষিণে ঝিলাম শহরে অবস্থিত নানি বাড়ি থেকে ৪ মার্চ তাকে অপহরণ করে সশস্ত্র ডাকাতেরা।মঙ্গলবার সকালে ঝিলাম থেকে ২০ মাইল দূরে গুজরাট জেলার কাছে দিঙ্গা শহরে একটি স্কুলের কাছ থেকে সাহিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।