ব্রিটিশ সাহায্যকর্মী উদ্ধারে দুঃসাহসিক অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগানিস্তানে দায়িত্বরত ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস বা এসএএস বাহিনীর এক দুঃসাহসিক অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে সাহায্য সংস্থায় কর্মরত ব্রিটিশ তরুণী হেলেন জনস্টনকে। গত ২২ মে তাঁকে অপহরণ করেছিল আফগানিস্তানের মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত মাফিয়া গ্রুপ। গত শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হেলেনকে উদ্ধারে সর্বাত্মক এসএএস অভিযানের নির্দেশ দেন। এসএএস সদস্যরা কমান্ডো অভিযান চালিয়ে হেলেনকে তাজিকিস্তান সীমান্তবর্তী শেহের-এ-বোজেরগদ জেলার কোহি লারান এলাকার একটি পাহাড়ি গুহা থেকে উদ্ধার করেন।কিছুদিন আগে ব্রিটিশ বাহিনী আফগানিস্তানের একটি মাদকদ্রব্যের ব্যবসা নিয়ন্ত্রক দলের সর্দারকে গ্রেপ্তার করেছিল। মাদকদ্রব্যের ব্যবসা-সংশ্লিষ্ট মাফিয়ারা সেই মাদক সর্দারের মুক্তির দাবিতেই হেলেন জনস্টনকে গ্রেপ্তার করে। পরে হেলেনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা এক কোটি ১০ লাখ ডলার দাবি করে। সেই সঙ্গে সেই মাদক সর্দারের মুক্তির দাবি তো ছিলই।ব্রিটিশ সরকার হেলেনের মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আফগানিস্তান সরকারকে অনুরোধ করে। কিন্তু আফগানিস্তান সরকার অপহরণকারীদের দাবি অনুযায়ী অর্থ ছাড় দিতে অস্বীকৃতি জানালে ডেভিড ক্যামেরন গত শনিবার এই অভিযানের নির্দেশ দেন। এই অভিযানে ব্রিটিশ এএএসের সদস্যরা হেলেন জনস্টন ছাড়াও তিন অপহূতকে জীবিত উদ্ধার করেন। তাঁদের অভিযানে অপহরণকারী দলের ছয় সদস্য নিহত হয়।এই অভিযানে হেলেন জনস্টনের উদ্ধারে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি একে ‘অনন্য সাহসিকতাপূর্ণ’ অভিযান হিসেবে অভিহিত করেছেন। এই অভিযানের পর হেলেন জনস্টনের মা-বাবা এক বিবৃতিতে ব্রিটিশ এসএএস বাহিনীকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ আনন্দের খবর যে হেলেন ও তাঁর সহকর্মীদের জীবিত উদ্ধার করা গেছে। তাঁরা এই অভিযানের নির্দেশ প্রদানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অভিযানের আদ্যোপান্তগত শনিবার আফগানিস্তান সময় রাত দুইটার দিকে শুরু হয় এই অভিযান। এর আগে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা সংস্থার (কোবরা) সঙ্গে এক বৈঠক শেষে ডেভিড ক্যামেরন এই অভিযানের নির্দেশ দেন। সিদ্ধান্তটা সহজ ছিল না। কারণ এর আগে আফগানিস্তানে কর্মরত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ ও মার্কিন গোয়েন্দা সংস্থা পরিবেশ-পরিস্থিতি বিচার করে এ ধরনের অভিযানকে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছিল। কোবরার সেই বৈঠকেই এই অভিযানের বিস্তারিত পরিকল্পনা করা হয়। আফগানিস্তানে কর্মরত ব্রিটিশ এএএস বাহিনীর একটি বিশেষ দলকে এই অভিযানের লক্ষ্যে প্রস্তুত রাখা হয়। পরিকল্পনা হয়, লন্ডন থেকে সবুজ-সংকেত পাওয়া মাত্রই এসএএস হেলেনকে উদ্ধারে বিশেষ কমান্ডো অভিযান শুরু করবে।নির্দেশ পাওয়ামাত্র আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে একটি এসএএস বাহিনী তাজিকিস্তান সীমান্তবর্তী শেহের-এ বোজেরগাদ জেলার দিকে রওনা হয়। এসএএস বাহিনীকে এই অভিযানে সঙ্গ দেয় মার্কিন ডেল্টা ফোর্স ও আফগানিস্তান সেনাবাহিনীর একটি বিশেষ দল। এই দলটি নির্দিষ্ট স্থান থেকে একটু দূরে অবতরণ করে। পরে হেঁটে তারা অভিযানস্থলের দিকে এগিয়ে যায় কমপক্ষে আরও পাঁচ মাইল। হেঁটে যাওয়া পুরো পথটি ছিল পাথুরে এবং অত্যন্ত দুর্গম। অভিযাত্রী দলটি দূরে অবতরণ করেছিল কারণ তারা সন্তর্পণে লক্ষ্যের কাছাকাছি গিয়ে অতর্কিতে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল। তারা সতর্ক ছিল, যেন অপহরণকারীরা হেলিকপ্টারের ইঞ্জিন ও রোটর ব্লেডের আওয়াজ না পায়।এসএএস বাহিনী ছিল নানা ধরনের অস্ত্রে সজ্জিত। তাদের সঙ্গে ছিল সি-৮ এসএফডাব্লিউ কারবাইন, এমপিএইচ মেশিনগান, এল ৯৬এ-১ স্নাইপার রাইফেল। এ ছাড়া ছিল সিগ সাওর হ্যান্ডগান ও ক্লাইমোর অ্যান্টি পারসোনাল মাইন। এসএএস সূত্র জানিয়েছে, অপহরণকারীরা সজ্জিত ছিল রকেটচালিত গ্রেনেড ও কালশনিকভ রাইফেল দিয়ে।অভিযানের শুরুতেই অপহরণকারীরা এসএএস বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। এসএএস এ সময় তাদের কাছে রক্ষিত বিভিন্ন অস্ত্রের মাধ্যমে সেই গুলির জবাব দেয়। অভিযানের সময় আফগান বাহিনীকে পুরো এলাকার নিরাপত্তা বিধানের কাজে ব্যবহার করা হয়।এসএএস অপহরণকারীদের কাছ থেকে প্রাথমিক প্রতিরোধ সামলে খুব দ্রুতই পৌঁছে যায় নির্দিষ্ট স্থানে, যেখানে লুকিয়ে রাখা হয়েছিল হেলেন জনস্টন ও তাঁর তিন সহকর্মীকে। এসএএস ওই জায়গায় পৌঁছেই গুলি করে হত্যা করে কয়েকজন অপহরণকারীকে। হেলেন জনস্টন ও তাঁর সহকর্মীদের উদ্ধার করা হয় খুব দ্রুত। সবচেয়ে স্বস্তির বিষয় ছিল এই অভিযানে ব্রিটিশ এসএএস, মার্কিন ডেল্টা ফোর্স ও আফগান বাহিনীর কোনো সদস্যই ক্ষয়-ক্ষতির শিকার হননি। হেলেন জনস্টন ও তাঁর সহকর্মীদেরও উদ্ধার করা হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই। কেবল অভিযাত্রী বাহিনীর ক্ষিপ্রতার কারণেই পুরো ব্যাপারটি সফল হয়। এই অভিযানে সাফল্যের খবরে উল্লসিত এক ঊর্ধ্বতন ব্রিটিশ সেনা কর্মকর্তা এই অভিযানকে ‘টেক্সটবুক অপারেশন’ হিসেবে অভিহিত করেন। ডেইলি মেইল।