ব্রিটিশদের চেয়ে অভিবাসী শ্রমিকেরা বেশি কর্মঠ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশদের চেয়ে অভিবাসী শ্রমিকেরা বেশি কর্মঠ হওয়ায় নতুন চাকরির ক্ষেত্রে তাঁরা এগিয়ে রয়েছেন। ব্রিটিশ চেম্বার অব কমার্সের মহাপরিচালক ডেভিড ফ্রস্ট এ মন্তব্য করেছেন।গতকাল শুক্রবার নিজের কর্মস্থলে শেষ দিন ছিল ডেভিড ফ্রস্টের। সেখানে তিনি বলেন, শ্রমবাজারে বিদেশি শ্রমিকেরা নাটকীয় পরিবর্তন এনেছেন।বিদেশি শ্রমিকেরা কম বেতনে কাজ করতে প্রস্তুত, এমন কথা মানতে চান না ফ্রস্ট। তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের কাজের প্রতি দরদ রয়েছে। তাঁরা কর্মঠ ও পরিশ্রমী তাই কর্মক্ষেত্রে তাঁরা এগিয়ে থাকেন। সরকারি এক হিসাবে জানা যায়, গত বছর কর্মক্ষেত্রে যোগদানের ক্ষেত্রে প্রতি ১০ জনের মধ্যে নয়জনই বিদেশি শ্রমিক।এর আগে ‘ব্রিটেনের চাকরি ব্রিটিশদের জন্য’ নীতির জন্য সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েন।এক তথ্যে বলা হয়, ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাজ্যে চাকরির ক্ষেত্রে অর্ধেকের বেশি স্থান বিদেশি নাগরিকেরা দখল করে রয়েছেন।ফ্রস্ট বলেন, বিদেশি শ্রমিকেরা বেশির ভাগ ক্ষেত্রে অধিক যোগ্যতাসম্পন্ন ও উত্সাহী। তিনি আরও বলেন, খুব সাধারণ একটি কারণে বিদেশি শ্রমিকেরা এগিয়ে রয়েছে, আর তা হলো স্থানীয়দের চেয়ে বিদেশিরা বেশি শিক্ষিত এবং কাজের প্রতি বেশি মনোযোগী।যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী কোয়ালিশন সরকারের প্রথম বছরে চাকরির ক্ষেত্রে যোগ্য বয়সের লোকের সংখ্যা এক লাখ ৮১ হাজারের মতো বেড়েছে।আর এ ক্ষেত্রে ব্রিটিশদের সংখ্যা বেড়েছে প্রায় ১৪ হাজারের মতো; যা মোট সংখ্যার আট শতাংশের কম। আর বিদেশি নাগরিকের সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ ৬৩ হাজারের মতো, যা মোট সংখ্যার ৯০ শতাংশের বেশি। মেইল অনলাইন।