ব্রিটেন সাময়িকভাবে ইইউর বাইরের অভিবাসীদের সংখ্যাসীমা আরোপ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এপ্রিলে একটি স্থায়ী সংখ্যাসীমা আরোপ করার আগে যাতে অতিরিক্ত বিদেশি শ্রমিক যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সে জন্য ব্রিটেন সাময়িকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে আসা অভিবাসীদের সংখ্যার একটি সর্বোচ্চ সীমা আরোপ করার পরিকল্পনা করছে। সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০১১ সালের এপ্রিল মাসের আগে ইউরোপের বাইরে থেকে মাত্র চার হাজার ১০০ শ্রমিককে ব্রিটেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা গত বছরের চেয়ে পাঁচ শতাংশ কম।সরকারের একটি সূত্র বলে, শেষ মুহূর্তে হুড়োহুড়ি করে দলে দলে বিদেশির প্রবেশ এড়ানোর জন্য এটি একটি অন্তর্বর্তী উদ্যোগ।ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে কাল সোমবার অভিবাসনের একটি স্থায়ী সংখ্যাসীমা নির্ধারণের লক্ষ্যে পরামর্শ প্রক্রিয়া উদ্বোধন করার সময় এই পদক্ষেপটি ঘোষণা করবেন। এ ঘোষণা ব্রিটেনে আসা বিদেশি শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনার সরকারি প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে নেওয়া প্রথম পদক্ষেপ।প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত মাসে নির্বাচনী প্রচারাভিযানকালে অভিবাসনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেন। তখন তিনি অভিবাসীদের বার্ষিক সংখ্যা হাজার হাজার থেকে কয়েক হাজারে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এ সংখ্যা এখন প্রায় এক লাখ ৭০ হাজার।অভিবাসনের ব্যাপারে ক্যামেরনের কঠোর অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে জনপ্রিয় হলেও ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ এর সমালোচনা করেছে। ব্যবসায়ীরা দাবি করেন, এ রকমের একটি অনমনীয় সংখ্যাসীমা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করা আরও কঠিন করে তুলবে এবং তার ফলে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করবে। এ পদক্ষেপটি ব্রিটেনের সাত সপ্তাহ বয়সী কোয়ালিশন সরকারের সদস্যদের মধ্যকার সংহতির একটি পরীক্ষাও হয়ে উঠতে পারে। লিবারেল ডেমোক্র্যাট পার্টি গত মাসের নির্বাচনী প্রচারণার সময় ক্যামেরন অভিবাসনের সংখ্যাসীমা বেঁধে দেওয়ার যে প্রস্তাব করেন তার বিরোধিতা করে। কিন্তু কোয়ালিশন গঠনের সমঝোতার একটি অংশ হিসেবে অনিচ্ছা সত্ত্বেও এই নীতিকে সমর্থন করতে সম্মত হয়।