ব্রিটেনে ঈদুল ফিতর উদযাপিত
ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশে আজ শুক্রবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য ঈদের দিনটি নিয়ে এসেছে খুশির বার্তা। ব্রিটেনের প্রায় পাঁচ শতাধিক মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। প্রধান প্রধান জামাত হয় ইস্ট লন্ডন মস্ক, ব্রিকলেন জামে মসজিদ, রিজেন্ট পার্ক মসজিদ ছাড়াও স্টেপনি গ্রিন মাঠে।এ ছাড়া বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটনের স্থানীয় মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদুর রহমান খান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ব্রিকলেন জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরান ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগ বিশ্বের মুসলমানদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের এই আনন্দে কেউ যেন পাকিস্তানের বন্যা দুর্গতদের ভুলে না যাই সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের দিনে সরকারি ছুটি না থাকায় অনেকেই নামাজ পড়ে ছুটেছেন কাজে।