ব্রিটেনে জমে উঠেছে চুলের বাজার (ভিডিও)
শখ করেই চুল লম্বা করেছিলেন ব্রিটেনের আনেতে মোরে। হঠাত্ সিদ্ধান্ত নিলেন চুল কেটে ফেলার। তবে চুল কাটার জন্য কোনো অর্থ দিতে হয়নি তাঁকে। বরং চুল কেটে তিনিই অর্থ উপার্জন করেছেন। ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছে? আসলে আনেতে মোরে তাঁর চুল বিক্রি করেছিলেন। আর তাঁর সেই চুল কিনেছেন ব্রিটেনের সেলুন ব্লুমসবারি উইগ। ব্লুমসবারি উইগের প্রতিষ্ঠাতা গ্রাহাম ওয়েক জানান, ‘৬০ থেকে ১২০ পাউন্ডে চুল কিনি আমরা। ব্রিটেনের বেশির ভাগ নারী এখন অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে চুল বিক্রি করছেন। চুল বিক্রি তাঁদের এক ধরনের আয়ের উত্স।’
আনেতে মোরে রয়টার্সকে বলেন, ‘আমি গত আগস্ট মাসে বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যাচ্ছি। আর এ জন্যই চুল বিক্রি করেছি। ব্লুমসবারি উইগ চুল বিক্রির জন্য খুবই ভালো জায়গা।’ ব্লুমসবারি বলেছে, এক সপ্তাহে তাঁরা ৪০টিরও বেশি খাম পেয়েছেন। আর এসব খামে করে বিক্রেতারা তাঁদের চুল পাঠিয়েছেন। অবশ্য ব্রিটেনে চুল বিক্রির এ ঘটনা নতুন কিছু নয়। শোনা যায়, ব্রিটেনের প্রয়াত সংগীতশিল্পী অ্যামি ওয়াইনহাউসেরও নিজস্ব চুল ছিল না। ব্রিটেনে বেশির ভাগ চুলই আসে চীন, ভারত ও ইউরোপের পূর্বাঞ্চল থেকে। ব্রিটেনে যে অল্প কয়েকটি চুল প্রতিস্থাপনকারী সেলুন আছে তারমধ্যে ব্লুমসবারি উইগ অন্যতম। এর প্রতিষ্ঠাতা গ্রাহাম ওয়েক দাবি করেন, ‘ব্রিটেনের বাজারে যেসব চুল পাওয়া যায় তার ৫০ শতাংশই আমাদের সেলুনের। আশা করি, এক বছরের মধ্যেই বাজারের সবটাই আমাদের দখলে চলে আসবে।’গ্রাহাম ওয়েক আরও দাবি করেন, ক্রেতারা তাঁদের সেলুনে আসতে পছন্দ করেন। কারণ, তাঁরা এখানে চুলের বিভিন্ন পনিটেল দেখে বাছাই করে নিতে পারেন। এক হাজার থেকে এক হাজার ৩০০ পাউন্ডে তাঁরা এসব চুল বিক্রি করতে পারেন। রয়টার্স।