ব্রিটেনে বাংলাদেশি যুবক অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রাজীব করিমকে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেছেন ব্রিটেনের আদালত। ব্রিটিশ এয়ারওয়েজে কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বোমা হামলার পরিকল্পনা করেন। তাঁর সঙ্গে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের যোগাযোগেরও প্রমাণ পেয়েছেন আদালত।ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে গত শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে বলা হয়, ৩০ বছর বয়সী রাজিবের বিরুদ্ধে তিনটি বোমা হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে দুটিতে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এর একটি হলো আত্মঘাতী হামলার পরিকল্পনা, অন্যটি অর্থ সংগ্রহ করে বিদেশে সন্ত্রাসীদের কাছে পাঠানো। ব্রিটেনেই একটি হামলা চালানোর পরিকল্পনা ছিল। বাংলাদেশ, পাকিস্তান ও ইয়েমেনে জঙ্গিদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।শুনানিতে আরও বলা হয়, হামলার উদ্দেশেই বাংলাদেশ থেকে ২০০৬ সালের ১৩ এপ্রিল ব্রিটেনে আসেন তিনি। গত মাসে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনায় জড়িত ছিলেন।ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত অবস্থায় ওসামা বিন লাদেনের কাছে রাজিব এয়ারওয়েজের কম্পিউটারে কাজ করার পদ্ধতি, সিকিউরিটি স্ক্যানার ও অভিবাসন নীতিমালাসংক্রান্ত গোপন তথ্য পাচার করেন। তাঁর কম্পিউটারে বিদেশে আত্মঘাতী বোমা হামলাকারীকে অর্থ পাঠানোরও প্রমাণ পাওয়া গেছে।১৫ মিনিটের শুনানিতে রাজিব শুধু তাঁর নাম ও জন্মতারিখ আদালতকে জানান। তাঁর আইনজীবী জেমস নিকোলাস বলেন, রাজিবের পরিবারের ওপর হামলার আশঙ্কায় ঠিকানা প্রকাশ করা হয়নি। তাঁর পক্ষে জামিন আবেদনও করা হয়নি। ২৬ মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। ২৬ মার্চ পুনরায় তাঁকে আদালতে উপস্থাপন করা হলে ওই দিন শাস্তির রায় ঘোষণা করা হতে পারে।গত ২৫ ফেব্রুয়ারি ব্রিটিশ এয়ারওয়েজের নিউক্যাসেলের কল সেন্টার থেকে পুলিশ রাজিবকে গ্রেপ্তার করে। রাজিবের এক ভাইকেও গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ।