ব্রিটেনে রেলযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল উন্নয়নে ব্রিটেন সরকারের গৃহীত বিপুল অঙ্কের কর্মসূচির পরও দেশটিতে ট্রেন যাত্রীরা আগামীদিনগুলোতে রেল ভ্রমণে বিভিন্ন বিড়ম্বনার মুখে পড়বেন। ব্রিটেনের একটি পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিড়ম্বনার মধ্যে অন্যতম হলো ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ।ব্রিটেনের গণপরিবহন দপ্তর ইতিমধ্যেই রেল উন্নয়নে প্রায় ৯০০ কোটি পাউন্ডের একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে, যাত্রী পরিসেবা বৃদ্ধি, নতুন নতুন রেল কোচ সংযোজন, নতুন নতুন রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি। আগামী ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।তবে গণ-জবাবদিহিসংক্রান্ত এক পার্লামেন্টারি কমিটি তাদের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছে, গণ-পরিবহন দপ্তরের গৃহীত এসব পরিকল্পনা বাস্তবায়িত হওয়া বেশ কঠিন। কমিটি প্রতিবেদনে আরও বলেছে, গণ-পরিবহন দপ্তরের পক্ষে ট্রেন যাত্রীদের বিড়ম্বনা কমিয়ে নিয়ে আসার ব্যাপারটি নিশ্চিত করা সম্ভব নাও হতে পারে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে লন্ডনে ব্যস্ত সময়ে ট্রেনের ভিড় ১৫ শতাংশ বেড়ে যাবে। এর পাশাপাশি ট্রেনের যাত্রী পরিবহনের জায়গা কমে যাবে ৩৩ শতাংশ।প্রতিবেদনে অভিযোগ করা হয়, রেল বিভাগ যাত্রী পরিসেবার ব্যাপারে সরকারি ভর্তুকির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ডেভিড ক্যামেরন সরকারি ব্যয় সংকোচনের যে নীতি গ্রহণ করেছে, তাতে তাঁদের সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। নিজেদের আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের নিজেদের উদ্যোগেই যাত্রী পরিসেবা বাড়াতে হবে, নয়তো যাত্রীদের ভোগান্তি দিন দিন বেড়ে যাবে।গণ-জবাবদিহিসংক্রান্ত পার্লামেন্টারি কমিটির সভাপতি মার্গারেট হজ বলেন, ‘রেল বিভাগের এই মুহূর্তে সরকারি ভর্তুকি ছাড়া যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধির কোনো ক্ষমতা নেই। কিন্তু বর্তমানের বাজেট সংকোচন নীতিতে ব্যাপারটি সম্ভব হবে কি না তা পরিষ্কার নয়।’ তিনি আরও বলেন, ট্রেন পরিচালনার জন্য নিয়োগ করা ফ্র্যাঞ্চাইজিগুলো ও রেল বিভাগকে যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধি ও যাত্রী পরিসেবার মান বাড়ানোর উপায়গুলো নিজেদেরই ভেবে বের করতে হবে।’প্রতিবেদনে এক জরিপের কথা উল্লেখ করে বলা হয়, প্রতি ১৫টি রেল ফ্র্যাঞ্চাইজির মধ্যে মাত্র একটি ব্রিটেনে এই মুহূর্তে যাত্রী পরিসেবা সন্তোষজনক উপায়ে দিয়ে থাকে।এদিকে দেশটির গণ-পরিবহনমন্ত্রী ফিলিপ হ্যামন্ড জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ট্রেনে যাত্রীদের ভিড় এড়ানোর জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নেওয়া হবে।তিনি বলেন, ব্রিটেনের বর্তমান সরকার ইতিমধ্যেই রেলের যাত্রী পরিসেবা বৃদ্ধি ও ট্রেনগুলোতে ভিড় এড়ানো ও ভ্রমণ আরামদায়ক করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে এসব কর্মপরিকল্পনা বাস্তবায়িত করার জন্য অবশ্যই রেলের ভাড়া বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে।