ব্রিটেনের চিত্রশিল্পী লুসিয়ান ফ্রয়েড পরলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের প্রখ্যাত চিত্রশিল্পী লুসিয়ান ফ্রয়েড আর নেই। লন্ডনে গত বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর । লুসিয়ান ফ্রয়েডের শিল্পকর্ম বিক্রির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ব্যবসায়ী উইলিয়াম অ্যাকুয়াভেলা এই শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উইলিয়াম অ্যাকুয়াভেলা জানান, বিশিষ্ট মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের নাতনি এবং ব্রিটেনের টেলিভিশন ব্যক্তিত্ব ক্লিমেন্ট ফ্রয়েডের ভাই লুসিয়ান ফ্রয়েডের অসুস্থতার কারণ জানা যায়নি। তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার এই প্রিয় বন্ধু ও বিংশ শতাব্দীর বিখ্যাত চিত্রশিল্পীর মৃত্যুতে শোকার্ত।’ লুসিয়ান ফ্রয়েডকে তাঁর প্রজন্মের ফিগারেটিভ আর্টিস্টের পথিকৃত্ বলা যায়। সুগভীর অন্তর্দৃষ্টি ও নাটকীয়তার জন্য তাঁর আঁকা পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ যেন এক বিশেষ রূপ পেয়েছে। শিল্পকে তিনি এতই ভালোবাসতেন যে মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছবি এঁকেছেন। ১৯৯৫ সালে তাঁর আঁকা ‘বেনিফিটস সুপারভাইজর স্লিপিং’ নামের এক স্থুলদেহী ঘুমন্ত নগ্ন নারীর ছবি তিন কোটি ৩৬ লাখ ডলারে বিক্রি হয়। এটা যেকোনো জীবিত শিল্পীর বিক্রি হওয়া শিল্পকর্মের দামের রেকর্ড সৃষ্টি করে। তিনি নিজ পরিবার, স্বজন ও বন্ধুদের ছবিই বেশি আঁকতেন। রানি এলিজাবেথের প্রতিকৃতি আঁকার দায়িত্বও তাঁকে দেওয়া হয়।লুসিয়ান ফ্রয়েড ১৯২২ সালে বার্লিনে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অনেকগুলো স্কুলে শিক্ষার্থী হলেও খুব কম ক্লাস করতেন। ১৯৩৩ সালে নািস বাহিনীর কারণে তিনি পালিয়ে ব্রিটেনে আসেন এবং ১৯৩৯ সালে নাগরিকত্ব নেন। রয়টার্স।