ব্রুনি সম্পর্কে অবমাননাকর উক্তি অসৌজন্যমূলক: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্রুনি সারকোজি সম্পর্কে ইরানের একটি সংবাদপত্রে প্রকাশিত অবমাননাকর উক্তিকে অসৌজন্যমূলক ও সরকারি অনুমোদনহীন বলে আখ্যায়িত করেছে ইরান সরকার। ইরান সরকার ব্রুনি সম্পর্কে সংবাদপত্রের অপমানজনক উক্তি থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ট এক বিবৃতিতে বলেন, কার্লা ব্রুনি সারকোজির মতো বিশ্বের নামকরা কারও সম্পর্কে যেকোনো অপমানজনক মন্তব্য করা সঠিক নয়। এ ধরনের আচরণ অসৌজন্যমূলক ও শিষ্টাচারবহির্ভূত। এতে সরকারি অনুমোদন নেই।গতকাল সোমবার ‘কাইহান’ নামের একটি পত্রিকা কার্লা ব্রুনিকে ‘পতিতা’ ও ‘বিবাহ ভঙ্গকারী’ বলে সমালোচনা করার পর সরকারিভাবে এ বিবৃতি দেওয়া হয়। তেহরানের একটি আদালত শাকিনি মোহাম্মদি আসতিয়ানি নামের এক নারীকে ব্যাভিচারের দায়ে পাথর ছুড়ে হত্যা করার রায় দেন। এই রায়ের নিন্দা করায় ব্রুনি সম্পর্কে পত্রিকাটি এমন মন্তব্য করে।আসতিয়ানির মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে, মামলার চূড়ান্ত পুনর্বিবেচনার পর তাঁর শাস্তি কার্যকর হতে পারে। এ রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। এপি