ব্রেইভিককে সুস্থ ঘোষণার দাবি (ভিডিও)
নরওয়ে বোমা হামলার হোতা অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিককে সুস্থ বিবেচনা করতে জোর যুক্তি দেখিয়েছেন তাঁর আইনজীবীরা। আদালত ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ ঘোষণার এক দিন পর আইনজীবীরা এ যুক্তি দেখান।সুস্থ মস্তিষ্কে নাকি অপ্রকৃতিস্থ অবস্থায় ব্রেইভিক গণহত্যা চালিয়েছিলেন? গত জুলাইয়ে নরওয়েতে ৭৭ নাগরিক হত্যা মামলার বিচারের সময় গতকাল এমন প্রশ্নেরই মুখোমুখি হয়েছেন বিচারকেরা। গতকাল মামলার কৌঁসুলিরা দাবি করেন, ৩৩ বছর বয়সী ব্রেইভিকের কাজটি পূর্বপরিকল্পিত হলেও তাঁর স্বাভাবিকতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। তবে কৌঁসুলিদের এ দাবিকে বরাবরই নাকচ করে নিজেকে সুস্থ মস্তিষ্কের বলেছেন ব্রেইভিক। এমনকি নিজের কৃতকর্ম বারবার স্বীকারও করেছেন তিনি।ব্রেইভিকের বক্তব্যের সপক্ষে যুক্তি দেখিয়ে তাঁর আইনজীবীরা জানান, কৃতকর্মের দায় স্বীকার করার মৌলিক অধিকার আছে ব্রেইভিকের। আসামি পক্ষের আইনজীবী গিয়ার লিপস্টিড বলেন, কট্টরপন্থী বিশ্বাস ও আচরণে তাড়িত হয়েছিলেন ব্রেইভিক। বিষয়টি অনুধাবন করা যায় চরমপন্থা ও সংস্কৃতির আলোকে । আদালত সূত্রে জানা যায়, সুস্থ মস্তিষ্কে হামলা চালানোয় দোষী সাব্যস্ত হলে ব্রেইভিককে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। এমনকি এ দণ্ড বাড়তেও পারে। তবে আগামী ২৪ আগস্টের আগে ব্রেইভিকের বিচারের রায় হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।