ব্রেইভিকের ২১ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের সেই আত্মস্বীকৃত গণহত্যাকারী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিককে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে সমাজের জন্য বিপজ্জনক মনে হলে তাঁর দণ্ড আরও বাড়তে পারে। ১০ সপ্তাহ ধরে বিচারকাজ চলার পর আজ শুক্রবার আদালতের রায়ে ব্রেইভিকের বিরুদ্ধে গত বছর বোমা মেরে ও গুলি করে ৭৭ ব্যক্তিকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয়। একই সঙ্গে ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ বিবেচনা করে রায় দেওয়ার ব্যাপারে কৌঁসুলিদের দাবিও খারিজ করে দিয়েছেন আদালত। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।আদালতের দৃষ্টিতে ব্রেইভিক সুস্থ-স্বাভাবিক হিসেবেই বিবেচিত হয়েছেন। আদালত বলেন, গত বছরের জুলাইয়ের ওই গণহত্যায় ব্রেইভিক দোষী সাব্যস্ত হয়েছেন। ব্রেইভিক স্বীকার করেছেন, সরকারি হেডকোয়ার্টারের বাইরে বোমা ফাটিয়ে আট ব্যক্তি এবং পরে উটোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব ক্যাম্পে বেপরোয়া গুলি চালিয়ে আরও ৬৯ ব্যক্তিকে হত্যা করেছেন।এর আগে ব্রেইভিককে জেলে পাঠানো হবে, নাকি কোনো মানসিক হাসপাতাল হবে তাঁর ঠিকানা—এ নিয়ে গুঞ্জন চলছিল। কৌঁসুলিরা ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ আখ্যা দিয়ে তাঁকে অপ্রকৃতিস্থ বিবেচনা করে রায় ঘোষণার দাবি জানান। কিন্তু অধিকাংশ হতাহত ব্যক্তির পরিবার বলেছে, কেবল একজন সুস্থ-সবল মানুষের পক্ষেই এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব। রায় ঘোষণার পর তাঁরা বলেন, বিরোধীরা হত্যাকাণ্ডের দায়দায়িত্ব থেকে ব্রেইভিককে বাঁচাতে চেয়েছিল। ওই দিন বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনের কেউ কেউ এ রায়কে স্বাগত জানিয়েছেন।ব্রেইভিক বলেন, নরওয়েতে মুসলমানদের অভিবাসন নিয়ে তিনি ক্ষমতাসীন লেবার পার্টির সমর্থনকে টার্গেট করেছিলেন। তিনি নিজেকে ‘শিশু হত্যাকারী’ বলতে চান না; বরং তিনি যুক্তি দেখিয়ে বলেন, তাঁর হাতে নিহত ব্যক্তিরা নরওয়েকে বহু সংস্কৃতির দেশে পরিণত করতে চেয়েছিল, যা কিনা নরওয়েজিয়ানদের বিশুদ্ধ রক্তের জন্য হুমকিস্বরূপ।৩৩ বছর বয়সী ব্রেইভিক বারবার নিজেকে সুস্থ বলে দাবি করে আসছিলেন এবং সজ্ঞানে তিনি ওই হামলা করেছেন বলে স্বীকার করেছেন। তিনি চেয়েছিলেন, আদালত যেন তাঁকে প্রকৃতিস্থ্থ মানুষ বিবেচনা করেই রায় দেন। এত মানুষ হত্যা করার পরও তাঁর কোনো অনুশোচনা নেই। বরং তিনি বলেন, নরওয়েকে ইসলামীকরণ করার হাত থেকে রক্ষা করতে ওই হত্যাকাণ্ডের প্রয়োজন ছিল। ব্রেইভিকের আইনজীবী গেইর লিপেস্টেড গতকাল বৃহস্পতিবার বলেন, ‘ব্রেইভিক বলেছেন, আদালত যদি তাঁকে অপ্রকৃতিস্থ বলে রায় দেন, তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আর যদি রায়ে তিনি সুস্থ-স্বাভাবিক হিসেবে বিবেচিত হন, তবে তিনি তা গ্রহণ করবেন।’এর আগে আদালতের রায়ে ব্রেইভিক সুস্থ বলে বিবেচিত হলে নরওয়ের আইন অনুযায়ী তাঁর সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ড হওয়ার কথা ছিল। আর আদালত তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে রায় দিলে চিকিত্সার জন্য তাঁকে মানসিক কোনো হাসপাতালে পাঠানোর কথা ছিল। ব্রেইভিক বলেছিলেন, মানসিক চিকিত্সার চেয়ে মৃত্যু শ্রেয়।গত বছরের জুলাইয়ে নরওয়েতে বোমা হামলা ও পরে বেপরোয়া গুলি চালিয়ে ৭৭ জন নিরীহ মানুষকে হত্যা করেন ব্রেইভিক। একই সঙ্গে আহত হয় প্রায় আড়াই শ মানুষ।