ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য সপ্তাহ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সপ্তাহব্যাপী আর্কিটেকচার উইক বা স্থাপত্য সপ্তাহ চলছে। ‘পরিবেশবান্ধব স্থাপত্য’ স্লোগান সামনে রেখে ৩ অক্টোবর বিভাগের এই উৎসব শুরু হয়। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহব্যাপী এই স্থাপত্য সপ্তাহে রয়েছে নানা আয়োজন। স্থাপত্য বিভাগে তৈরি স্থাপত্যকর্ম, হস্তশিল্প, ভাস্কর্য, ছবির প্রদর্শনী, ডিজাইন শ্যারেট ও আর্ক কিডস এই উৎসবের প্রধান আকর্ষণ। এ ছাড়া থাকবে দেশের কৃতী ও বরেণ্য স্থপতিদের বক্তব্য।উৎসবটি বাংলাদেশের আধুনিক স্থাপত্যের জনক সদ্য প্রয়াত মাযহারুল ইসলামকে উৎসর্গ করা হয়েছে। এখানে প্রয়াত এ স্থপতির পোর্ট্রেট ও তাঁর নকশা করা চারুকলা আর্ট ইনস্টিটিউটের মডেলটি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিতব্য ‘স্থপতি মাযহারুল ইসলাম’ বইটিও উৎসবে প্রদর্শন করা হচ্ছে।স্থপতি সপ্তাহ উৎসবের উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাক ইলাহি চৌধুরী।