ব্র্যাক স্কুলের দীপশিখা
লেখাপড়ার পাশাপাশি ব্র্যাক স্কুলের সহপাঠ কার্যক্রমে রয়েছে গান, নাচ, অভিনয়, গল্পবলা, আবৃত্তি ও চিত্রাঙ্কনচর্চা। এই কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করেন স্কুলের শিক্ষকেরা। ব্র্যাক প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলগুলোতে ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশ কার্যক্রম ‘দীপশিখা’র আয়োজন করে। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ব্র্যাক স্কুলের লক্ষাধিক শিশু উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন—এই চারটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে সাতটি বিভাগের ১৫০ জন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।ব্র্যাক আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের উৎসাহদানে এবং তাদের প্রতিভা ও মেধা প্রদর্শনে একটি চূড়ান্ত আনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে চ্যানেল আইয়ে।এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে গতকাল বুধবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, শিক্ষা কর্মসূচি পরিচালক শফিকুল ইসলাম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।তিনটি পর্বে ‘দীপশিখা’ নামের এই অনুষ্ঠান প্রচারিত হবে। প্রথম পর্বটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে চলতি মাসের ১৪ জানুয়ারি। চূড়ান্ত প্রতিযোগিতা হবে ২০ জানুয়ারি শুক্রবার, ধানমন্ডির রবীন্দ্রসরোবরে।