ব্র্যাড পিটের ছবির জন্য সত্যিকারের আগ্নেয়াস্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড ওয়ার জি! নাম শুনেই বোঝা যায়, আগাগোড়া ধুন্ধুমার এক যুদ্ধের ছবি। এমন ছবিতে অস্ত্রশস্ত্র তো লাগবেই। তবে সেসব অস্ত্র খেলনা বা নকল হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ব্র্যাড পিটের নতুন এই ছবিতে সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহারের চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। হাঙ্গেরিতে ছবিটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। গত সোমবার বুদাপেস্ট বিমানবন্দরে বড়সড় একটি বাক্স আসে। বলা হয়, এর ভেতর নকল আগ্নেয়াস্ত্র রয়েছে। যা দিয়ে ওয়ার্ল্ড ওয়ার জি ছবির শুটিং হবে। কিন্তু সন্ত্রাসবিরোধী বাহিনী সোয়াতের সদস্যদের কাছে বিষয়টি খটকা লাগে। বাক্স খুলে ৮৫টি অস্ত্র পাওয়া গেল। পরীক্ষা করে দেখা গেল, এগুলো সত্যিকারের অস্ত্রের মতোই কাজ করছে। অর্থাৎ নকল বলে সত্যিকারের আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তবে অস্ত্রগুলো যে ওই ছবির শুটিংয়ের জন্যই নেওয়া হচ্ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ব্র্যাড পিটের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে প্যারামাউন্ট পিকচারস। ডেইলি মেইল ও দ্য র‌্যাপ ডট কম।