ব্র্যান্ডিংয়ের জন্য পণ্যের গুণগত মান ঠিক রাখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৯ মার্চ এসেছিলেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। ব্র্যান্ড বিপণন নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: ব্র্যান্ড বলতে আসলে কী বোঝায়?সৈয়দ আলমগীর: ব্র্যান্ড হচ্ছে একটি নাম বা চিহ্ন, যা কোনো পণ্যের প্রস্তুতকারক বা বাজারজাতকারী কোম্পানিকে চিহ্নিত করে। অর্থাৎ চিহ্নযুক্ত বিশেষ ধরনের পণ্য। ব্র্যান্ডের মূল লক্ষ্য হচ্ছে, প্রস্তুত করা পণ্যকে অন্য সব পণ্য থেকে আলাদা করা, যাতে ক্রেতারা পছন্দের ব্র্যান্ড বাজার থেকে সহজেই খুঁজে নিতে পারে। ব্র্যান্ডের একটি নির্দিষ্ট পরিচয় আছে এবং এর নির্দিষ্ট ভোক্তাও রয়েছে। ব্র্যান্ডিংয়ের মাধ্যমে গুণগত মান ঠিক রেখে কোম্পানি দায়িত্বশীলতার সঙ্গে সঠিক পণ্য ভোক্তার কাছে তুলে ধরে।কথাবন্ধু: প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডের সঠিক ব্যবস্থাপনা কতটুকু জরুরি?সৈয়দ আলমগীর: ব্র্যান্ডের বাজার এখন অনেক বেশি। অধিকাংশ ভোক্তাই চায় ব্র্যান্ডের পণ্য। কারণ, কোম্পানি ভোক্তাকে একটি ভালো পণ্য দেওয়ার নিশ্চয়তা দেয়। তাই বিজ্ঞাপন দেওয়ার সময় পণ্যটি সম্পর্কে প্রতিষ্ঠান যা বলবে, ভোক্তাকে তা-ই দিতে হবে। কেননা, ব্র্যান্ড কখনো মিথ্যা বলে না। এ জন্য নির্দিষ্ট ভোক্তাশ্রেণী তৈরি করতে সঠিক মানের পণ্যই তাদের দিতে হবে।কথাবন্ধু: ব্র্যান্ড মার্কেটিং অর্থাৎ ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণের কাজ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?সৈয়দ আলমগীর: ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণের কাজ করতে চাইলে তাঁর অবশ্যই ব্যবসাসংক্রান্ত ধারণা থাকা প্রয়োজন। এ জন্য বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করে এলে এ কাজে ভালো করতে পারবেন। কারণ, তাঁরা ব্র্যান্ড ব্যবস্থাপনা, পণ্যের বাজার বোঝা এবং সঠিক ভোক্তাদের চিহ্নিত করতে পারেন। তবে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে এসেও অনেকে ভালো করছেন। এ ক্ষেত্রে কাজ করতে হলে তাঁকে অবশ্যই স্নাতক হতে হবে। একই সঙ্গে ব্যবসা, বাজার ও ভোক্তা সম্পর্কে ধারণা থাকতে হবে।কথাবন্ধু: কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং নিয়ে কাজ শুরু করার আগে কোন বিষয়গুলো ভাবতে হয়?সৈয়দ আলমগীর: ব্র্যান্ড নিয়ে কাজ করতে হলে শুরুতেই সব কার্যক্রম ও ভোক্তাদের কথা মাথায় রেখেই করতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে, বাজারে প্রতিষ্ঠানটির কী ধরনের সুনাম রয়েছে। আর যাঁরা কোনো পণ্য ব্র্যান্ডিং করতে চান তাঁদের প্রথমেই বলব, পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে। আপনি যদি একটি ভালো পণ্য ভোক্তাদের হাতে তুলে দেন, সে ক্ষেত্রে বিদেশ থেকে যত পণ্যই আসুক, আপনার পণ্য ছাড়া ভোক্তা কখনোই অন্য পণ্য কিনবে না।কথাবন্ধু: দেশে-বিদেশে এই পেশার চাহিদা কতটুকু? সৈয়দ আলমগীর: বর্তমানে দেশে ও বিদেশে ব্র্যান্ডিংয়ের পেশার চাহিদা অনেক। পণ্য ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এর সূত্রপাত প্যাকেট দিয়েই শুরু। এ ছাড়া এখন কিন্তু ব্যাংকগুলোও ব্র্যান্ডিং করছে। তাদের ব্র্যান্ডিং বিভাগও রয়েছে। ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে ব্র্যান্ডিংয়ের চাহিদা বাড়ছে। দেশের বাইরেও এর চাহিদা অনেক। এ জন্য আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে, যেন আপনার প্রস্তুত করা পণ্য ভোক্তার চাহিদা মোতাবেক হয়।কথাবন্ধু: এই খাতে পেশা গড়তে চাইলে কতটা সৃজনশীল ও নেতৃত্ববান হওয়া জরুরি?সৈয়দ আলমগীর: ব্র্যান্ড নিয়ে কাজ করতে হলে আপনাকে বিক্রয়, বাজারজাতকরণ, নির্দিষ্ট ভোক্তাদের নিয়ে বিস্তারিত ধারণা থাকতে হবে। এ ছাড়া রেডিও, টিভি ও সংবাদপত্রগুলোয় কী ধরনের বিজ্ঞাপন নিয়ে কাজ করতে হবে, সে সম্পর্কেও তাঁর ধারণা থাকা উচিত। এ জন্য অবশ্যই তাঁকে সৃজনশীল হতে হবে।কথাবন্ধু: আমাদের দেশে ব্র্যান্ড বাজারজাতকরণের সঙ্গে বাইরের দেশের কোনো তফাৎ আছে কি না?সৈয়দ আলমগীর: আমি আগেও বলেছি, এখন আমাদের দেশে ব্যাংকও ব্র্যান্ডিং করছে। ব্র্যান্ডিং অন্য সবকিছু থেকেই আলাদা। ব্র্যান্ডিংয়ের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে। বাংলাদেশে ব্র্যান্ডিংয়ের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে এখনো অধিকাংশ পণ্যই কোনো ব্র্যান্ডিং হয়নি। নতুন যাঁরা এই পেশায় আসবেন, তাঁরা অবশ্যই যেসব পণ্য এখনো ব্র্যান্ড হয়নি, সেসব পণ্যকেই ব্র্যান্ড করার জন্য কাজ করবেন। বর্তমানে ব্র্যান্ড হচ্ছে আধুনিকতার ছোঁয়া।কথাবন্ধু: এসিআইয়ে পেশা গড়তে চাইলে কী ধরনের যোগ্যতা থাকা দরকার? সৈয়দ আলমগীর: এসিআইয়ের বর্তমানে প্রায় ১৮টি ব্যবসা আছে। এ জন্য বিভিন্ন বিভাগে অনেক কর্মীর প্রয়োজন। এসিআইয়ের মূলত চারটি শাখা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ওষুধশিল্প। এখানে শুরুতেই বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়ে আসতে হবে। কারণ, তাঁদের চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। দ্বিতীয় হচ্ছে, কৃষিসম্পর্কিত পণ্যের ব্যবসা। এখানে যাঁরা কাজ করতে চান, তাঁদের কৃষিতে স্নাতক হতে হবে। এ ছাড়া ভোক্তাদের জন্য কাজ করার দুটি বিভাগ রয়েছে এসিআইয়ের। এই বিভাগে আমরা পণ্য বাজারজাতকরণের জন্য বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস করা ব্যক্তিদের বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। তবে যাঁরা মাঠে থাকেন, তাঁদের সাধারণ বিভাগে পড়াশোনা হলেও কোনো সমস্যা নেই। কারণ, তাঁদের আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর মাঠপর্যায়ে কাজ করতে পাঠাই। এসিআইতে এখনো অনেক কর্মীর প্রয়োজন।কথাবন্ধু: সদ্য স্নাতক পাস করা ব্যক্তিদের কতটুকু অগ্রাধিকার দিয়ে থাকেন?সৈয়দ আলমগীর: এসিআইতে সদ্য স্নাতকদেরই সব সময় অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হয়ে থাকে। আমরা অভিজ্ঞ ব্যক্তিদেরও নিয়ে থাকি। তবে একেবারে নতুনদের দিয়ে কাজ করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এরপর প্রতিষ্ঠানের সঙ্গে যাঁরা আছেন, তাঁদের উন্নতির দিকেই নজর দিই। গ্রন্থনা: সুদীপ দে