ব্লগার আসিফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪ (ভিডিও)
ব্লগার আসিফ মহিউদ্দীনকে হত্যাচেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে ঢাকার শেওড়াপাড়া, যাত্রাবাড়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সাদ আল নাহিন (২৪), কাউসার (২৬), কামাল (২৩) ও নিরাপত্তাকর্মী কামাল (২৮)।আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমান, জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।গত ১৪ জানুয়ারি রাত নয়টার দিকে উত্তরায় নিজের কার্যালয়ের সামনে হামলার শিকার হন ব্লগার আসিফ মহিউদ্দীন। প্রাণে বেঁচে গেলেও শরীরে গুরুতর কয়েকটি জখম নিয়ে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয় তাঁকে। এর এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরে নিজের বাসার সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ রাাজীব হায়দারকে। রাজীব হত্যা মামলায় পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে।রাজীব ও আসিফের ওপর হামলাকারীরা একই মতবাদের অনুসারীডিবি কর্মকর্তা মোল্যা নজরুল বলেন, রাজীব ও আসিফের ওপর হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা একই মতবাদের অনুসারী। রানা নামের এক ব্যক্তি বিভিন্ন সময় এই দুই হামলায় অংশ নেওয়াদের আদেশ, নির্দেশনা ও অর্থ দিয়েছেন। আরও অনেককে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন তাঁরা। তাঁদের হত্যার তালিকায় কলকাতায় বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরীনও আছেন। এঁরা মূলত নিহত আল-কায়েদা নেতা আনওয়ার আল আওলাকির (ট্রিপল এ) অনুসারী। এঁদের কাছ থেকে আওলাকির ভাষণের সিডি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এঁরা আল-কায়েদা নেটওয়ার্কের মতাদর্শে বিশ্বাসী। সে অনুযায়ীই এঁদের পড়াশোনা ও কর্মকাণ্ড চালানোর চেষ্টা চলছিল।গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়ডিবির ভাষ্য, গ্রেপ্তার নাহিন জিজ্ঞাসাবাদে ডিবিকে জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএতে (হিসাববিজ্ঞান) ভর্তি হয়েছিলেন। তবে এমএলএম ব্যবসায় জড়িত হয়ে বেশি সময় দেওয়ার কারণে এক সময় তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অর্থের বিনিময়ে বিবিএর সনদ কিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএতে ভর্তি হন। পরবর্তী সময়ে জিহাদি কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটান।গ্রেপ্তার হওয়া কাউসার একজন হকার। তিনি ফুটপাতে মানিব্যাগ বিক্রি করতেন। আরেক কামাল একজন কাঠমিস্ত্রি এবং অন্য কামাল একটি ব্যাংকে নিরাপত্তা প্রহরীর কাজ করেন। এঁরা সবাই নিয়মিত শরীরচর্চা ও মার্শাল আর্টের কসরত করতেন।যেভাবে হামলাডিবির দাবি, জিজ্ঞাসাবাদে নাহিন তাঁদের জানিয়েছেন, আবদুল করিম নামে একজনের সঙ্গে তাঁদের পরিচয়ের সূত্র ধরে এই চেতনায় উদ্বুদ্ধ হন তাঁরা। ২০১৩ সালের জানুয়ারি মাসের ২/৩ তারিখে আবদুল করিম তাঁদের জানান, আসিফ মহিউদ্দীন নামে একজন ব্লগার ব্লগে ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন। তাই তাঁকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তখন তাঁরা আলোচনা করে হামলার ছক তৈরি করেন। সে অনুযায়ী তাঁরা ছুরি ও সাইকেল কিনে প্রস্তুতি নেন। আবদুল করিম তাঁদের আসিফের চেহারা, বাসা ও অফিস চিনিয়ে দেন। পরিকল্পনা হয় সাইকেল নিয়ে মিরপুর থেকে উত্তরায় গিয়ে সকালে আসিফ মহিউদ্দীনকে চাপাতি দিয়ে হত্যা করা হবে। তাঁরা রেকি করে জানতে পারেন, আসিফ রাত ৯/১০টার দিকে উত্তরার অফিসে যান এবং সারা রাত কাজ করে সকাল ৬/৭টার দিকে বাসায় ফেরেন। ১৪ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে আসিফ রিকশায় করে অফিসের সামনে নেমে রিকশা ভাড়া দিচ্ছিলেন। তখনও আবদুল করিম চাপাতির ব্যাগ নিয়ে পৌঁছেননি। নাহিন আর নবীন নামের একজন চাপাতির জন্য অপেক্ষা না করে সঙ্গে থাকা ছুরি দিয়েই আসিফকে আঘাত করেন।নাহিন প্রথমে আসিফের ঘাড়ে একটি আঘাত করেন। তখন আসিফ তাঁর কোমর জাপটে ধরেন। এ সময় নাহিন তাঁর মাথা ঘুরিয়ে দেন এবং পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। আসিফের গায়ে শীতের মোটা কাপড় থাকায় তা লাগেনি। এর ফাঁকে নবীন ছুরি দিয়ে তিন থেকে চারবার আঘাত করেন। আসিফ মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় ভয় পেয়ে তাঁরা দৌড়ে পালিয়ে যান। কিছু দূর গিয়ে রিকশা করে তাঁরা উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে কনক বাসে উঠে মিরপুরে পৌঁছে তাঁরা যে যার বাসায় চলে যান।