ব্লগার গ্রেপ্তারের প্রতিবাদে কাল প্রতিবাদ সমাবেশ
তিন ব্লগারের গ্রেপ্তারের প্রতিবাদে কাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করবেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাতে বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লা খান প্রথম আলো ডটকমকে এ কথা জানান। রফিকুল্লা খান বলেন, ‘গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন বাংলা এমএ প্রথম সেমিস্টারের ছাত্র। বাকিরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা এই গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করব।’ তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশে পরিণত হোক, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকুক, মনাবতাবিরোধীদের বিচার হোক, মুক্তবুদ্ধির চর্চা চালু থাকুক।’ গ্রেপ্তার হওয়া ব্লগাররা হলেন, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত শুভ। ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তির অভিযোগে রাজধানীর ইন্দিরা রোড, মণিপুরিপাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পলাশী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুর ১২টায় মিন্টো রোডে ডিবির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।ওই তিনজনের কাছ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি ইন্টারনেট সংযোগের মডেম ও একটি এক্সটারনাল হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।এদিকে তিন ব্লগারকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে।