ব্লগারদের মুক্তি চেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ গ্রেপ্তার হওয়া তিন ব্লগারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার পাদদেশে আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।সমাবেশে বাংলা বিভাগের প্রবীণ শিক্ষক সাইদুর রহমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, আপনি বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাংলা বিভাগ কী শিক্ষা দেয়, আপনি তা জানেন। বাংলা বিভাগ দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয়। তিনি অবিলম্বে সুব্রত অধিকারী শুভকে মুক্তি দেওয়ার দাবি জানান।অর্তনীতি বিভাগের শিক্ষক শফিকুজ্জামান বলেন, ‘সরকার প্রথম থেকে গণজাগরণ মঞ্চকে সমর্থন দিয়ে আসছিল। কিন্তু সরকার এ পদক্ষেপ নেবে, আমরা তা কল্পনাও করতে পারি না। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতির ওপর আঘাতের অভিযোগ আনা হয়েছে। কিন্তু যখন মসজিদে আগুন দেওয়া হয়েছে, কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো কী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নয়?’ তিনি অভিযোগ করেন, সরকার পক্ষান্তরে হেফাজতে ইসলামকে সমর্থন দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তিনি সুব্রত অধিকারী শুভর মুক্তির দাবি জানান।বাংলা বিভাগের শিক্ষক রফিকুল্লাহ খান বলেন, ‘বায়ান্ন সালে যাঁরা ভাষা আন্দোলন করেছিলেন, তাঁদের নাস্তিক বলা হয়েছিল। বাষট্টি সালে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁদেরও নাস্তিক বলা হয়েছিল। এখন আবার এই গণজাগরণ মঞ্চের তরুণদের নাস্তিক বলা হচ্ছে। এই সরকার নাকি ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। অথচ আমি প্রযুক্তি ব্যবহার করে মত প্রকাশ করব, সেটি হবে না—তা কেমন করে হয়? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এই সরকারের প্রতি প্রত্যাশা ছিল বেশি। কিন্তু তাঁরা হতাশ করেছে।’ আজ বিকেল চারটায় রাজু ভাস্কর্যে সংহতি সমাবেশ হবে বলে তিনি জানান। সেখান থেকে মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ব্লগ হচ্ছে মানুষের সৃষ্টিশীলতার জায়গা। সেখানে মানুষ সৃষ্টিশীলতাই চর্চা করে। আমরা মনে করেছিলাম, এই সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সরকার। কিন্তু ব্লগারদের গ্রেপ্তারের মাধ্যমে মনে হয়, তারা হেফাজতে ইসলামের কাছে নতিস্বীকার করেছে। তাঁরা জ্বালাও-পোড়াও করেননি, মত প্রকাশ করেছেন। এর ফলাফল কি গ্রেপ্তার? বাংলা বিভাগের শিক্ষক হুমায়ুন আজাদ লিখেছিলেন, আর তার জবাব দেওয়া হয়েছিল চাপাতি দিয়ে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, শাহবাগের গণজাগরণ মঞ্চের মাধ্যমে তরুণেরা জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার এর বিরোধিতা করেছে। হেফাজতে ইসলামের দাবির সঙ্গে একাত্ম হয়ে সরকার মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হেনেছে বলে তিনি অভিযোগ করেন।প্রতিবাদ সমাবেশ শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে যান।