ব্লগার আসিফ মহিউদ্দীনকে গতকাল বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত অধিকারী ওরফে শুভসহ গ্রেপ্তার হওয়া সব ব্লগারের মুক্তি না দিলে ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল থেকে ১১টি বাংলা ব্লগ সাইট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করছে।গতকাল ডিবির পরিদর্শক মাইনুল ইসলাম ব্লগার আসিফ মহিউদ্দীনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মহানগর হাকিম আনোয়ার ছাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবী আলাউদ্দিন মোল্লা গতকাল আসিফের পক্ষে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। এর আগে গত মঙ্গলবার ব্লগার সুব্রত, মশিউর ও রাসেল পারভেজকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁদের সবাইকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়ার তিন দিন পরও চার ব্লগারের বিরুদ্ধে থানায় মামলা হয়নি।গতকাল রাতে এ ব্যাপারে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্লগারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে গত ৫ ফেব্রুয়ারি ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতিবাদ গণজাগরণ সৃষ্টি করে এবং পরে এই আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক দল গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলে। আন্দোলনকারীরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।ধর্মঘটের ঘোষণা: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দোতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গ্রেপ্তার সব ব্লগারকে ৭ এপ্রিলের মধ্যে মুক্তি না দিলে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করার ঘোষণা দেন।লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জয়নব শান্ত বলেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিবারের কাউকে আটক বা গ্রেপ্তার করতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু আমরা দেখলাম, এ নিয়মের তোয়াক্কা না করেই ডিবি পুলিশ রাতের অন্ধকারে শুভকে হল থেকে ডেকে উঠিয়ে নিয়ে যায়।’জয়নব বলেন, ‘আদালতে হাজির করার আগ পর্যন্ত আটক হওয়া ব্যক্তিকে গণমাধ্যমের সামনে আনা যাবে না, কিন্তু ডিবি পুলিশ হাইকোর্টের এই নির্দেশনা অমান্য করে তাঁদের হাতকড়া পরানো অবস্থায় দাগি আসামির মতো গণমাধ্যমের সামনে হাজির করেছে।’লিখিত বক্তব্যে বলা হয়, গত বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সঙ্গে কথা বলে অবিলম্বে তাঁদের মুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সম্মেলনে ৭ এপ্রিল রোববার বিকেল চারটায় রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে ব্লগারদের মুক্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল বিকেলে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে মৌন মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা শাহবাগে গণজাগরণ মঞ্চে যান। সেখান থেকে আলোর মিছিল নিয়ে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।মৌলবাদীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ ও ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করছে ১১টি বাংলা ব্লগ সাইট।গতকাল দুপুর ১২টার পর ওই ব্লগগুলোতে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি বার্তা। তাতে লেখা রয়েছে, ‘সরকারের মৌলবাদ তোষণ ও ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাকআউট আজ দুপুর ১২টা থেকে।’