ব্লগারদের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ গ্রেপ্তার হওয়া তিন ব্লগারের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ এপ্রিল বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা উত্তোলন, ২৪ এপ্রিল বেলা ১১টায় আহুত ধর্মঘটের সমর্থনে একই স্থানে বিক্ষোভ সমাবেশ ও সন্ধ্যা সাতটায় মশাল মিছিল এবং ২৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট। আজ বুধবার বিকেল চারটায় ডাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জয়নাব শান্তু। তিনি বলেন, ‘আজ তিন অনলাইন লেখককে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭(২) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আবারও নতুন করে তাঁদের বিরুদ্ধে এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্দোষকে দোষী সাব্যস্ত করার এই প্রক্রিয়া কোনোমতেই মেনে নেওয়া যায় না। সরকার দেশকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে।’ সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘গত ১৩ এপ্রিল ব্লগারদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাও করা হয়। সেখানে উপাচার্য ও প্রক্টর আমাদের আশ্বস্ত করেন যে ১৫ এপ্রিলের মধ্যে তাঁদের মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিবাদ না জানানোর সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সুব্রত অধিকারী শুভসহ সব ব্লগারের মুক্তি, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও মুক্তবুদ্ধির চর্চা অব্যাহত রাখা, চিহ্নিত ঘাতক-দালাল ও যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতিসহ সব সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রফিক উল্লাহ খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কাবেরী গায়েন প্রমুখ।