ব্লিৎসের সম্পাদক সালাহ উদ্দিন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে ইংরেজি সাপ্তাহিক ‘ব্লিৎস’-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম তানভীর আহমেদ এ আদেশ দেন।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী রোববার সালাহ উদ্দিনের জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।গত বুধবার রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৪৩ নম্বর বাসা থেকে সম্পাদক শোয়েবকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানার পুলিশ।আদালত সূত্র জানায়, ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শোয়েব চৌধুরী ও তাঁর স্ত্রী শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন শোয়েবের ব্যবসায়িক অংশীদার সাজ্জাদ হোসেন।মামলার অভিযোগে বলা হয়, অংশীদারির ভিত্তিতে ব্যবসার লক্ষ্যে শোয়েব চৌধুরীর সঙ্গে যৌথ হিসাব খোলেন সাজ্জাদ। ওই হিসাবে দুজনেরই এক কোটি টাকা করে জমা দেওয়ার কথা ছিল। তবে সাজ্জাদ ৮০ লাখ টাকা জমা দিলেও শোয়েব চৌধুরী কোনো টাকা জমা দেননি। এর পর শোয়েব চৌধুরী তাঁর স্ত্রীর সহযোগিতায় যৌথ হিসাব থেকে ৭৯ লাখ টাকা তুলে তা আত্মসাৎ করেন।