ব্লু-মুন দেখতে শীতলক্ষ্যাতীরে দর্শনার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লু-মুন বা নীল চাঁদ। নীল পূর্ণিমা। নীল জোছনা উপভোগ করতে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর সারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ভিড় জমিয়েছেন চাঁদপ্রেমী দর্শনার্থীরা। নীল চাঁদকে বরণ করে নেওয়ার জন্য চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নদীর তীরে ঢেউয়ের তালে তালে সংগীতের মূর্ছনায় জোছনা দেখছেন বিনোদনপিপাসু দর্শনার্থীরা।আজ শুক্রবার সন্ধ্যা সাতটার পর থেকে বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হচ্ছে, দর্শনার্থীদের আগমন ততই বাড়ছে। দর্শনার্থীরা টেলিস্কোপের মাধ্যমে নীল চাঁদ দেখছেন। শীতলক্ষ্যা নদীর তীরে যেন এক অন্যরকম পরিবেশ।শীতলক্ষ্যা নদীর তীরে ব্লু-মুন উত্সব আয়োজন করেছে বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্ট ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। উত্সব ঘিরে নদীর তীরে বিআইডব্লি¬উটিএর সদ্য বাঁধানো রাস্তায় সাজানো আছে পাঁচটি টেলিস্কোপ। আয়োজকেরা জানিয়েছেন, রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে, তবে দর্শনার্থী থাকা পর্যন্ত অনুষ্ঠান চলবে বলেও তাঁরা জানান।চাঁদ দেখতে আসা শহরের খানপুর এলাকার পায়েল চৌধুরী বলেন, নীল চাঁদের সৌন্দর্য অসাধারণ। কেউ না দেখলে তা উপলব্ধি করতে পারবে না। আর টেলিস্কোপে নীল চাঁদের সৌন্দর্য দেখার মজাই আলাদা।নীল চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পরিবারের সবাইকে নিয়ে শীতলক্ষ্যা নদীর তীরে এসেছেন শহরের জামতলার গৃহবধূ জান্নাত আরা। তিনি বলেন, ‘চাঁদ তো দেখি। কিন্তু নীল চাঁদ দেখার মজাটা একটু অন্যরকম। সেই সঙ্গে এই চাঁদ ঘিরে সংগীতের মূর্ছনা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।’এ সময় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানান, উত্সবে স্থানীয় সাংস্কৃতিককর্মীদের অংশগ্রহণে বসবে কবিতা ও গানে জোছনা বন্দনার আসর। ইলেকট্রনিক স্ক্রিনে দেখানো হবে চাঁদে মানুষের প্রথম পদার্পণ বিষয়ে তথ্যচিত্র। এই আয়োজন উত্সর্গ করা হয়েছে চাঁদে পা রাখা প্রথম মানব (সদ্য প্রয়াত) নিল আর্মস্ট্রংকে। চাঁদ নিয়ে নানা প্রশ্ন আলোচিত হবে এ অনুষ্ঠানে। যেমন, মা তাঁর শিশুকে যতই বলুন না কেন, ‘আয় আয় চাঁদমামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’। আসলে প্রতিবছরই পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে!‘নীল জোছনা’ উপভোগ করতে নদীর পাড়ে কেন—জানতে চাইলে উত্সবের উদ্যোক্তা আসিফ বলেন, ‘মানব সভ্যতার বীজও কি নদীর তীরে নয়? ইজিয়ান সাগরের পাড়ে গড়ে ওঠা আয়োনীয় আবেগই তো আমরা বয়ে চলছি। নদী ছিল বলেই তো পিথাগোরাস বুঝতে পেরেছিলেন, পৃথিবীটা সমতল কোনো পে¬ট নয়, আসলে এ এক গোলক। নীল চাঁদ দেখতে সেই প্রাচীন আবেগই অনুভব করতে চায় মানব মন।’কল্পবিজ্ঞান লেখক ও ডিসকাশন প্রজেক্টের মুখপাত্র শরীফ উদ্দিন বলেন, ‘যে মাসে দুটি পূর্ণিমা থাকে, ওই মাসের দ্বিতীয় পূর্ণিমাটিকে বলা হয় ব্লু-মুন। যদিও ব্লু-মুনে চাঁদ নীল থাকে না। প্রতি পৌনে তিন বছর পরপর ব্লু-মুন দেখা যায়।’