ব্ল্যাকবেরি বিতর্কে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র
ব্ল্যাকবেরি মোবাইল ফোনসেট নিয়ে ভারতে সৃষ্ট বিতর্কে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি ‘রিম’কেই (রিসার্স ইন মোশান) সমাধান করতে হবে। রিসার্স ইন মোশান নামের প্রতিষ্ঠানটি ব্ল্যাকবেরি মোবাইল ফোনসেটের প্রস্তুতকারক।ভারত সরকার ‘রিম’কে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে ব্ল্যাকবেরির প্রযুক্তিগত কলাকৌশল ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের জানাতে হবে। জঙ্গি বা সন্ত্রাসীরা যাতে তাদের কাজে ব্ল্যাকবেরি ব্যবহার না করতে পারে সে জন্য এ সুযোগ চাওয়া হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা বলছেন।সৌদি আবর ও সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে তাদের দেশে ব্ল্যাকবেরি নিষিদ্ধ করেছে। তবে ‘রিম’ মনে করছে, কানাডা সরকারের সাহায্যে তারা সৌদি আরবের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছাতে পারবে।ব্ল্যাকবেরি বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্তের ব্যাপারে জনপ্রিয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস তাদের সম্পাদকীয়তে লিখেছে, ‘এটা সরকারের পক্ষ থেকে আসা মৃত্যু পরোয়ানা। রিমের পক্ষে সরকারের শর্তপূরণ খুবই কঠিন, বলা যায় অসম্ভব।’ এদিকে ‘রিম’-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভারতকে কোনো বিশেষ সুযোগ দেবে না। যদিও ভারত সরকারের হুমকি ‘রিম’-এর জন্য সমস্যা সৃষ্টি করবে। কারণ, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম বাজার হলো ভারত। তা ছাড়া যুক্তরাষ্ট্রের মতো বাজারে ব্ল্যাকবেরি তার প্রতিদ্বন্দ্বী গুগল ইনকরপোরেট, অ্যানড্রয়েড, অ্যাপেল ও আই ফোনের কাছে বড় ধাক্কা খেয়েছে। সূত্র: সির নিউজ