বড় অঙ্কের রাজস্ব ফাঁকি হল-মার্ক ও এর এমডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি কেনার সময় জালিয়াতি করে বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়েছেন হল-মার্ক গ্রুপ এবং এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ। জমির শ্রেণী পরিবর্তন করে মূল্য কম দেখিয়ে নিবন্ধন ফি কমানোর মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে। এ ছাড়া, তানভীর মাহমুদ সরকারি জমি নিজের নামে নিবন্ধন করিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।জমি কেনার পর সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমাভাগের (নাম খারিজ) আবেদন করলে জালিয়াতি করে রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরচার সঙ্গে দলিলে উল্লিখিত জমির ‘শ্রেণী’ ও ‘দাগ’ নম্বরের গরমিল থাকায় সহকারী কমিশনার (ভূমি) আবেদন নামঞ্জুর করে দিয়েছেন।সাভার সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, জমি কেনাবেচার ক্ষেত্রে রাজস্ব ফাঁকি রোধে সরকার জমির অবস্থান অনুযায়ী ‘বাড়ি’, ‘নাল বা চালা’, ‘সাইল’, ‘পুকুর বা বাগান’, ও ‘বোরো’ শ্রেণীতে বিভক্ত করে শ্রেণী অনুযায়ী মৌজাভিত্তিক জমির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দিয়েছে। সবচেয়ে কম দাম ধরা হয়েছে ‘বোরো’ শ্রেণীর জমির।নয় দলিলে কোটি টাকার রাজস্ব ফাঁকি: অনুসন্ধানে জানা গেছে, হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ঢাকার সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর, নন্দখালী, জামুর ক্ষিদ্রগতি ও তেঁতুলঝোড়া মৌজায় ববি ফ্যাশন (দলিল নম্বর-১১৭২), হল-মার্ক এক্সেসরিস লিমিটেড (দলিল নম্বর-৫৮৩৬, ৫৫২৮, ২৪৯৬, ৫৫২৯), হল-মার্ক নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড (দলিল নম্বর-২১৪৫), ডেলিকেট ফ্যাশন লিমিটেড (দলিল নম্বর-২৬৮০৯) ও হল-মার্ক স্টাইল লিমিটেডের (দলিল নম্বর-৯৩৮৬) এমডি হিসেবে এবং নিজের নামে (দলিল নম্বর-৯৩৮৫) মোট ২০৯ দশমিক ৯৫ শতাংশ জমি কিনেছেন। কাগজে-কলমে এসব জমির শ্রেণী ‘বাড়ি’ ও ‘নাল’ হলেও দলিলে দেখানো হয়েছে ‘বোরো’।সূত্রের তথ্যমতে, সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযয়ী কান্দিবৈলারপুর মৌজায় ‘বাড়ি’ শ্রেণীর প্রতি শতাংশ জমির সর্বনিম্ন দাম দুই লাখ ৫৪ হাজার ৯৩০ টাকা। আর ‘নাল’ শ্রেণীর দাম ৫৩ হাজার ৫৭৮ টাকা। একই মৌজায় ‘বোরো’ শ্রেণীর জমির দাম মাত্র ২৪ হাজার ৪২৮ টাকা।নন্দখালী মৌজায় ‘বাড়ি’ ও ‘নাল’ শ্রেণীর প্রতি শতাংশ জমির সর্বনিম্ন দাম যথাক্রমে এক লাখ ও ৫৯ হাজার ১২৫ টাকা। আর ‘বোরো’ শ্রেণীর দাম ২২ হাজার ৩০৯ টাকা।জামুর ক্ষিদ্রগতি মৌজায় ‘বাড়ি’ ও ‘নাল’ শ্রেণীর জমির প্রতি শতাংশের সর্বনিম্ন মূল্য যথাক্রমে চার লাখ ও এক লাখ ৬০ হাজার টাকা। এ মৌজায় ‘বোরো’ শ্রেণীর দাম ৫০ হাজার টাকা।আর তেতুলঝোড়া মৌজায় ‘বাড়ি’ ও ‘নাল’ শ্রেণীর দাম যথাক্রমে তিন লাখ ৭৫ হাজার এক লাখ ৬০ হাজার টাকা। ‘বোরো’ শ্রেণীর দাম মাত্র ৫০ হাজার টাকা।হল-মার্ক গ্রুপ ও তানভীরের নামে কেনা ২০৯ দশমিক ৯৫ শতাংশ জমি সরকারি নথিপত্রে আছে ‘বাড়ি’ ও ‘নাল’ শ্রেণীর। কিন্তু ক্রয় দলিলে সবই দেখানো হয়েছে ‘বোরো’ শ্রেণীর। এভাবে ওই জমির ক্রয়মূল্য দেখানো হয়েছে ৮৩ লাখ ৬০ হাজার টাকা। শতকরা ১০ টাকা হারে মোট আট লাখ ৩৬ হাজার টাকা নিবন্ধন ফি আদায় হয়েছে। অথচ সরকার নির্ধারিত সর্বনিম্ন দাম ধরা হলে ‘বাড়ি’ ও ‘নাল’ শ্রেণীর ওই পরিমাণ (২০৯ দশমিক ৯৫ শতাংশ) জমির মূল্য দাঁড়ায় দুই কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৮০১ টাকা। এর নিবন্ধন ফি দাঁড়ায় ২৫ লাখ ১৫ হাজার ৮৭৬ টাকা। এই হিসাব অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ২৩ হাজার ৮৭৬ টাকা। কিন্তু ওই এলাকায় বর্তমানে জমির দাম সরকার নির্ধারিত সর্বনিম্ন দামের চেয়ে অনেক বেশি। বাড়ি ও নাল শ্রেণীর প্রতি শতাংশ জমি পাঁচ লাখ টাকার ওপরে বিক্রি হয়। এ হিসাবে রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়ায় ৯৮ লাখ টাকার ওপরে।দলিল করে সরকারি জমি ক্রয়: তানভীর মাহমুদ গত ১২ এপ্রিল জামুর ক্ষিদ্রগতি মৌজার ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৪৬ ও ৪৮ নম্বর দাগ থেকে ৬৮ দশমিক ৯৫ শতাংশ জমি কিনেছেন। দলিল নম্বর-৯৩৮৫। এসব দাগে ‘বাড়ি’ ও ‘নাল’ শ্রেণীর জমিসহ সরকারি মালিকানাধীন নদী সিকস্তি জমি থাকলেও দলিলে সব জমি ‘বোরো’ শ্রেণী হিসেবে উল্লেখ করা হয়।সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র জানায়, জামুর ক্ষিদ্রগতি মৌজার ৩২ ও ৩৫ নম্বর দাগের ২১ শতাংশ জমি নদী সিকস্তি, যা সরকারি সম্পত্তি। এই জমি হস্তান্তরযোগ্য নয়।অনুসন্ধানে জানা গেছে, হল-মার্ক গ্রুপ ও তার এমডির কেনা জমির দলিল করেছেন সাভারের সাব-রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম। হল-মার্ক গ্রুপের প্রধান কার্যালয়ে তানভীরের কক্ষে বসে সব দলিল করা হয়। নজরুল ইসলামের সঙ্গে যোগসাজশেই জমির শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।সাব-রেজিস্ট্রার যা বলেন: জানতে চাইলে সাব-রেজিস্ট্রার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জমির পরচার সঙ্গে দলিলে উল্লিখিত জমির শ্রেণী মিল করেই দলিল করা হয়েছে। তবে তানভীর মাহমুদ জালিয়াতির মাধ্যমে জমির নকল পরচা বানিয়ে থাকলে সে ক্ষেত্রে আমার করার কিছু নেই।’ তানভীর মাহমুদের সঙ্গে কোনো ধরনের যোগসাজশের অভিযোগ তিনি অস্বীকার করেন।সহকারী কমিশনারের (ভূমি) বক্তব্য: সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ বলেন, গত ছয় মাসে হল-মার্ক গ্রুপের পক্ষ থেকে জমির জমাভাগের জন্য শতাধিক আবেদন করা হয়। কিন্তু নথি ঘেঁটে ও সরেজমিনে অনুসন্ধানে পরচার সঙ্গে দলিলে উল্লিখিত জমির শ্রেণী ও দাগ নম্বরের গরমিল পাওয়া যায়, যা বড় ধরনের জালিয়াতি। এ কারণে জমাভাগের সব আবেদন বাতিল করা হয়েছে।