বড় আশা সেই আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে: ৩৭০ ও ২৯১/৫ ডি.বাংলাদেশ: ২৮৭ ও ১১২/৩ বাংলাদেশের চাই ২৬৩ রান। জিম্বাবুয়ের ৭ উইকেট। সম্ভাবনা বেশি কোন দলের?টেস্টের শেষ দিন শোনামাত্র যে কেউ জিম্বাবুয়ের পক্ষে রায় দিয়ে দেবেন। সেটি টেস্টের শেষ দিনের অনুমিত উইকেটের কথা ভেবে। এখানেই একটা ফাঁক আছে। চতুর্থ দিনেও হারারের উইকেটে তেমন টুটোফাটা নেই। শেষ বিকেলেও বল বলতে গেলে ওঠা-নামা করেইনি। পঞ্চম দিনে রাতারাতি সেটি বদলে যাওয়ার কোনোই কারণ নেই। এমন এক উইকেট, ব্যাটসম্যানরা পারলে যেটিকে সব ম্যাচে বয়ে নিয়ে যান।উইকেট সমস্যা নয়। বোলিংও কি এমন আহামরি কিছু! তবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ তো এই দুটির কোনোটিই নয়। আসল প্রতিপক্ষ চতুর্থ ইনিংসে রান তাড়া করার চাপ।চা-বিরতির সময় ব্রেন্ডন টেলর যখন ডিক্লেয়ার করে দিলেন, প্রেসবক্সে বিস্ময়ের একটা ঢেউ বয়ে গেল। দিনের বাকি আরও ৩৩ ওভার। এরপর পুরো একটা দিন। এই উইকেটে ৩৭৪ রানের লিডকেই যথেষ্ট মনে করা কি একটু ঝুঁকির হয়ে গেল না?ইতিহাস খুব একটা ঝুঁকির কথা বলবে না। টেস্ট ইতিহাসেই চতুর্থ ইনিংসে ৩৭৫ বা এর চেয়ে বেশি রান করে লক্ষ্যে পৌঁছার ঘটনা আছে মাত্র পাঁচটি। টেলর শুধু বাংলাদেশের কথা ভেবে থাকলে তো আরও ঝুঁকি নেই। চতুর্থ ইনিংসে রান তাড়া করে বাংলাদেশ একবারই জিতেছে। তবে সেটি মাত্র ২১৭ রান করে (২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনেডায়)।টেলরের ইনিংস ঘোষণা তার পরও সবাইকে চমকে দেওয়ার কারণ ক্রিকেটের সাম্প্রতিক প্রবণতার বিপরীত স্রোতে হেঁটেছেন বলে। সম্ভাব্য তিনটি ফল থেকে নিজের দলের পরাজয়ের সম্ভাবনাটা পুরোপুরি মুছে দেওয়ার পরই এখন সাধারণত ইনিংস ঘোষণা করেন অধিনায়কেরা। এখানে বাংলাদেশের চতুর্থ ইনিংস শুরুর সময় তিনটি সম্ভাবনার দ্বারই খোলা। পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগেও তা-ই থাকছে।চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করে জেতার অবশ্যপালনীয় কিছু নিয়ম আছে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল তিনটি চেজে অদ্ভুত মিলই করে দিয়েছে সেই ‘নিয়ম’। দুটি সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরি পার্টনারশিপ। সেঞ্চুরির পার্টনারশিপ দুটি না হলেও অন্তত একটি সেঞ্চুরি ও আরেকটি প্রায় সেঞ্চুরি পার্টনারশিপ। রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৪১৮ রান করে জিতেছিল ব্রায়ান লারার দল। এর আগে রেকর্ডটি ছিল ভারতের, ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজেরই বিপক্ষে পোর্ট অব স্পেনে ৪০৬/৪। অ্যান্টিগা টেস্টে জয়ের পর ব্রায়ান লারা এর কিছুটা কৃতিত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ক্যারিবীয় সাংবাদিককে। চতুর্থ দিনের খেলা শেষে লারা কী ভাবছেন—জানতে চেয়েছিলেন ওই সাংবাদিক। লারা উত্তর দেন, ‘কাউকে ডাবল সেঞ্চুরি করতে হবে।’ এর পরই ওই সাংবাদিক পোর্ট অব স্পেনে ভারতের স্কোরকার্ড দেখিয়ে বলেন, ‘স্কিপার, ডাবল সেঞ্চুরির প্রয়োজন নেই, দুটি সেঞ্চুরি পার্টনারশিপ হলেই হবে।’ লারা দলকে সেটিই বলেন। পরদিন তা না হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ জেতে। কারণ দুই সেঞ্চুরিয়ান সারওয়ান ও চন্দরপলের ১২৩ রানের পার্টনারশিপটি ছাড়াও ছিল ৯১ ও ৮৪ রানের আরও দুটি জুটি। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কীর্তির মাঝখানে আছে দক্ষিণ আফ্রিকার ৪১৪/৪। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রায়েম স্মিথের দলের ওই জয়ও দুটি সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি পার্টনারশিপের অবদান। এই টেস্ট জিততে বাংলাদেশেরও সেটিই লাগবে। টার্গেটটা একটু কম বলে একটি করে হলেও কাজ হয়ে যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপটি যে মাত্র ৬৬ রানের। প্রথম ইনিংসে শাহরিয়ার নাফীস ও আশরাফুলের সেই জুটিকে ১ রানের জন্য ছুঁতে পারল না দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটি। পোফুর বল বাইরে যাবে ভেবে ছেড়ে দিয়ে বোল্ড তামিম ইকবাল। জিম্বাবুইয়ানদের আনন্দ দেখে তারা ম্যাচ জিতে গেছে বলে ভুল করা অস্বাভাবিক হতো না। তামিম যেভাবে খেলছিলেন, তাতে এটি একটুও অস্বাভাবিক বলে মনে হয়নি।প্রথম ইনিংসে অভিষিক্ত বাঁ হাতি পেসার ভিটরি আউট করার আগে ভালোই ভুগিয়েছিলেন তাঁকে। সেটিরই যেন জবাব দিতে নেমেছিলেন তামিম। ভিটরির ২৭ বলে ৩২ রান, ৭ বাউন্ডারির ছয়টিই তাঁর বলে। তামিম আর কিছুক্ষণ থাকতে পারলে পঞ্চম দিনে বাংলাদেশের লক্ষ্যটা অনেক কম থাকত।তামিমের পর আরও দুটি উইকেট গেছে। ইমরুল কায়েস অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড। শাহরিয়ার নাফীস জার্ভিসেরই কোনাকুনি বলে বোল্ড। ৩৭ রানের মধ্যে এই তিনটি উইকেট বাংলাদেশের অগ্রযাত্রা একটু থমকে দিয়েছে। তবে প্রথম ইনিংসের চেয়েও বেশি আত্মবিশ্বাস ফুটে বেরোচ্ছে আশরাফুলের ব্যাট থেকে। সঙ্গে আছেন মুশফিকুর। এরপর সাকিব ও মাহমুদউল্লাহ। জিততে হলে চারজনের কাউকে একটা সেঞ্চুরি করতেই হবে।সেটি যে খুব কঠিন কিছু নয়, সেটি তো ব্রেন্ডন টেলর দেখিয়েই দিলেন। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেছেন, টাইবুর সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে দুঃসহ করে তুলেছেন বাংলাদেশের বোলারদের জীবন। উইকেট ফেলতে না পেরে এমনকি ইমরুল কায়েসকে দিয়েও এক ওভার করিয়েছেন সাকিব। আশরাফুলকে দিয়ে কেন একবার চেষ্টা করলেন না, সেটি অবশ্য রহস্যই থেকে গেল।