বড় কর্মসূচিতে যাচ্ছে না জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় বড় ধরনের কোনো কর্মসূচি দিতে চায় না জামায়াত। নেতারা বলছেন, সরকারের মেয়াদ আছে আরও সাড়ে তিন বছর। দেড় বছরের মাথায় বড় ধরনের কর্মসূচি নিলে তা সফল করা কঠিন হবে। তা ছাড়া কর্মসূচি দিলে জামায়াতের আরও নেতা-কর্মী গ্রেপ্তার হতে পারেন। আর হঠকারী কোনো কাজ করে বসলে সরকার সুযোগ পেয়ে জামায়াতের প্রতি আরও কঠোর হবে। এদিকে শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের পর দলের মূল নেতৃত্বে পরিবর্তন আনার সম্ভাবনার কথা বিভিন্ন পর্যায় থেকে আলোচিত হচ্ছে। তবে জামায়াতের নেতারা বলছেন, এমন ভাবনা তাঁদের মধ্যে নেই। জামায়াতের সাংসদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের উসকানোর চেষ্টা করছে। তবে আমরাও সতর্ক আছি। এখনো সরকারের মেয়াদ সাড়ে তিন বছর আছে। আমাদের অনেক হিসাব করে এগোতে হবে।’ তিনি আরও বলেন, ‘অনেকে অনেক কথা বলছেন, তবে আমরা একদম শান্ত আছি।’নেতৃত্বে নিজামীই থাকছেন: জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, দলের আমির দায়িত্ব পালনে অক্ষম হলে দলের নায়েবে আমিরদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত আমির নিয়োগ করা হবে। তিনি ছয় মাসের মধ্যে আমিরের অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা করবেন। তবে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মজলিসে শুরা এই নির্বাচন যুক্তিযুক্ত সময় পর্যন্ত স্থগিত করতে পারবে। এই সময়সীমা আমিরের অবশিষ্ট মেয়াদ পর্যন্ত বাড়াতে পারবে মজলিসে শুরা।মতিউর রহমান নিজামী সর্বশেষ আমির নির্বাচিত হন গত ডিসেম্বর মাসে। এই পদে তাঁর মেয়াদ আছে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা আরও প্রায় আড়াই বছর ভারপ্রাপ্ত আমিরকে দায়িত্ব পালন করতে দিতে পারে।জামায়াতের নেতারা বলেছেন, তাঁদের ধারণা, সরকার জামায়াতের আমির বা অন্য নেতাদের শিগগিরই মুক্তি দিচ্ছে না। কিন্তু তাঁরা আমির পদে নিজামীর বাইরে অন্য কাউকে দায়িত্ব দিতে চান না। এটা করলে দলের শৃঙ্খলা এবং নেতা-কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে।জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেছেন, আব্বাস আলী খান ১২ বছর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময় গোলাম আযম আমির হয়েও দায়িত্ব পালন করতে পারেননি।বিএনপির সহযোগিতা না পেয়ে হতাশা: জামায়াত আশা করেছিল, দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির বিষয়ে বিএনপি জোরালো অবস্থান নেবে। গত ৩০ জুন জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ্ মো. তাহের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপির সহযোগিতা চান। পরদিন বিএনপির স্থায়ী কমিটি বৈঠক করে এবং খালেদা জিয়া বিবৃতি দিয়ে জামায়াতের নেতাদের মুক্তি চান। এরপর বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে বলেন, বিএনপি জামায়াতের কর্মসূচিকে সমর্থন করে, তবে জামায়াতের কর্মসূচিতে অংশ নেবে না। যদিও আগের দিন জামায়াত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিল, বর্তমান পরিস্থিতিতে জামায়াতের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।জামায়াতের সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ্ মো. তাহের বলেন, ‘বিএনপির অবস্থানে আমাদের মধ্যে প্রতিক্রিয়া হওয়ার মতো কিছু হয়নি। তাদের সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে। আমরা আমাদের কাজ করছি। দেখা যাক কি হয়।’