বড় কেন্দ্র চালু হচ্ছে না
বর্তমান সরকারের এই মেয়াদের মধ্যে গ্যাস কিংবা কয়লাভিত্তিক বড় ও দীর্ঘমেয়াদি কোনো বিদ্যুৎকেন্দ্র (বেইজ লোড প্ল্যান্ট) চালু হচ্ছে না। এ সময় বিদ্যুতের জন্য নির্ভর করতে হবে মূলত ছোট ছোট ভাড়াভিত্তিক, কুইক রেন্টাল, বেসরকারি খাতের ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র এবং মাঝারি আকারের সরকারি খাতের কিছু বিদ্যুৎকেন্দ্রের ওপর।এ ছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানির সংস্থান ও সরবরাহ, নবায়নযোগ্য উৎস থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ পাওয়া প্রভৃতি সরকারের সামনে চ্যালেঞ্জ হিসেবেই রয়েছে।বিদ্যুৎ-সংকট নিরসন সরকারের অগ্রাধিকার হলেও পরিকল্পনা করতে করতেই প্রথম বছর কেটে গেছে। দ্বিতীয় বছরে চুক্তি সই হয়েছে এবং কিছু উৎপাদন বেড়েছে। তৃতীয় বছরে এসে উৎপাদন বেড়েছে মোট দুই হাজার ৬৯৪ মেগাওয়াট (নভেম্বর মাস পর্যন্ত)।উৎপাদন বাড়লেও এখন পর্যন্ত বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি কমেনি। বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের সময় সর্বোচ্চ চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি ছিল প্রায় এক হাজার ৬০০ মেগাওয়াট। তারপর গত তিন বছরে চাহিদা বেড়েছে দেড় হাজার মেগাওয়াটের মতো।তবে সরকারি পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন হলে চলতি ডিসেম্বর মাসে ২৫৫ মেগাওয়াট এবং আগামী বছর আরও দুই হাজার ১৫৭ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।বড় কেন্দ্রগুলোর অবস্থা: বেসরকারি খাতে গ্যাসভিত্তিক বড় দুটি এবং দ্বৈত জ্বালানিভিত্তিক একটি কেন্দ্রের কাজ পেয়েছে সামিট গ্রুপ। মোট এক হাজার ১২ মেগাওয়াট ক্ষমতার ওই তিনটি কেন্দ্রই (বিবিয়ানা-১, ২ ও মেঘনাঘাট-২) স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ১২ মে। সে অনুযায়ী এগুলোতে উৎপাদন শুরুর নির্ধারিত সময় ২০১৪ সালের এপ্রিল মাস।সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেছেন, ওই তিনটি কেন্দ্রই নির্ধারিত সময়ের মধ্যে চালু করার সব প্রস্তুতি তাঁদের আছে। গত বুধবার তাঁরা মেঘনাঘাট কেন্দ্রের গ্যাস টারবাইন সরবরাহের জন্য চুক্তিও সই করেছেন।সরকারি সূত্র জানায়, ওই তিনটি কেন্দ্র নির্ধারিত সময়ে চালু করা গেলেও তা হবে বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদের পরে। তা ছাড়া, বিবিয়ানায় জায়গা হস্তান্তর, গ্যাসের পাইপলাইন স্থাপনের জন্য প্রায় আট কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুমোদন প্রভৃতি এখনো সরকার সামিটকে দিতে পারেনি। মেঘনাঘাট কেন্দ্রে জ্বালানি তেল সরবরাহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সামিটের সঙ্গে চুক্তি করেছে প্রায় চার মাস বিলম্বে।এসব কারণে সামিটের পক্ষে ইতিমধ্যে প্রায় ৬০ দিনের বাড়তি সময় যোগ হয়েছে। এই সময় আরও বাড়তে পারে।কয়লাভিত্তিক কেন্দ্র: পিডিবি ও ভারতের এনটিপিসির যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে এক হাজার ৩০০ মেগাওয়াট ক্ষমতার যে কেন্দ্রটি স্থাপিত হওয়ার কথা, সেটির বাস্তবায়ন অনেক বিলম্বিত হবে। এই কেন্দ্রটি স্থাপনের বিষয়ে গত বছরের ৩০ আগস্ট সমঝোতা স্মারক সই হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যুতের দামসহ কিছু বিষয়ে মতানৈক্য হওয়ায় এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। এ কারণে এটি কবে শুরু আর কবে শেষ হবে, তা কেউ বলতে পারছে না।একই ক্ষমতার আরেকটি কয়লাভিত্তিক কেন্দ্র করার কথা চট্টগ্রামের আনোয়ারায়। এটি চীনের একটি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে স্থাপনের বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে বলে বিদ্যুৎসচিব প্রথম আলোকে জানিয়েছেন।এ ছাড়া ১৫০ থেকে ৩০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক আরও কয়েকটি কেন্দ্র স্থাপন প্রক্রিয়াধীন। এর একটি কেন্দ্রও বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যে উৎপাদনে আসবে না।ভারত থেকে আমদানি: ভারত থেকে যে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছিল, তা-ও নির্ধারিত সময়ের মধ্যে আসছে না। প্রথমে এ বছরের শেষ নাগাদ এবং সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মার্চ-এপ্রিলে ওই বিদ্যুৎ আসার কথা। কিন্তু ভারতীয় অংশে সঞ্চালন লাইন ও উপকেন্দ্র নির্মাণকাজের যা অগ্রগতি, তাতে ওই বিদ্যুতের আমদানি আরও অন্তত এক বছর বিলম্বিত হবে বলে সরকারি সূত্রগুলো জানায়।জ্বালানির সমস্যা: বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির সংকট ও সরবরাহের সমস্যাও অব্যাহত থাকবে। কোনো কোনো ক্ষেত্রে তা আরও বাড়তে পারে বলে সরকারি সূত্রগুলো জানায়। বিদ্যুৎ উৎপাদনে এখনো ৪০০ থেকে ৬০০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসস্বল্পতার কারণে। এই স্বল্পতা শিগগিরই ঘুচবে, এমন কোনো লক্ষণ নেই।ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোতে জ্বালানি তেল সরবরাহ ও মজুদ রাখা আরেক বড় সমস্যা। এ জন্য নদী খনন, রেললাইন নির্মাণ ও সংস্কার, ডিপো স্থাপনসহ প্রয়োজনীয় অনেক কাজ এখনো চাহিদা অনুযায়ী সম্পন্ন হয়নি। তাই এসব কেন্দ্রে জ্বালানি সরবরাহে সমস্যার কারণে উৎপাদন কম হতে পারে, বিশেষ করে শুকনো মৌসুমে।বুধবার জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ এখন একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।তিন বছরে প্রাপ্তি: ৫ জানুয়ারি সরকারের তিন বছর পূর্ণ হবে। এই সময়ে বিদ্যুৎ খাতে সরকারের সাফল্য বা দেশবাসীর প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ২০১১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত করার অঙ্গীকার ছিল। সে অঙ্গীকার পূরণ হয়েছে। প্রয়োজনীয় জ্বালানি পাওয়া সাপেক্ষে এখন বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনক্ষমতা প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনক্ষমতা ছিল তিন হাজার ৬০০ মেগাওয়াট। চাহিদা ছিল পাঁচ হাজার ২০০ মেগাওয়াট। ঘাটতি ছিল এক হাজার ৬০০ মেগাওয়াট।বর্তমানে সর্বোচ্চ উৎপাদনক্ষমতা পাঁচ হাজার ৩০০ মেগাওয়াট। চাহিদা গত গ্রীষ্মে সাত হাজার মেগাওয়াট ছিল। এ বছর বোরো চাষে সেচ শুরু হলে জানুয়ারি মাসে চাহিদা সাত হাজার মেগাওয়াটের মতো হবে। ঘাটতি হবে এক হাজার ৭০০ মেগাওয়াটের মতো। তবে এ মাসেই আরও ২৫৫ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। সে ক্ষেত্রে ঘাটতি এক হাজার ৪৫০ মেগাওয়াটের মতো হতে পারে।গত তিন বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে দুই হাজার ৬৯৪ মেগাওয়াট। এর মধ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদিত প্রকল্প থেকে এসেছে ৯৫০ মেগাওয়াট। বাকি এক হাজার ৭৪৪ মেগাওয়াট এসেছে বর্তমান সরকারের গৃহীত ২২টি প্রকল্প থেকে। এগুলো প্রায় সবই ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্র। এই সময়ে সরকার আরও ২৬টি কেন্দ্র স্থাপনের চুক্তি করেছে, সেগুলো পর্যায়ক্রমে চালু হবে।এই উৎপাদন টেকসই নয়: তিন ও পাঁচ বছর মেয়াদি ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোর বেশির ভাগেরই যন্ত্রপাতি পুরোনো। তিন ও পাঁচ বছর মেয়াদের জন্য এসব কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়ার কারণ, এই সময়ের মধ্যে বড় কেন্দ্রগুলো উৎপাদনে আসতে শুরু করার পাশাপাশি ওই কেন্দ্রগুলোর অপসারণ শুরু করা হবে।কিন্তু সেই অপসারণ এখন আর তিন বছরের মধ্যে শুরু করা যাচ্ছে না। কারণ, বড় কেন্দ্রগুলো উৎপাদনে আসতে দেরি হবে। সে কারণে ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্রের মধ্যে যেগুলো তিন বছরের জন্য স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল, সেগুলোর মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হচ্ছে।জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পিকিং ও দীর্ঘস্থায়ী কেন্দ্রগুলো স্থাপন প্রকল্প বাস্তবায়নে অনেক সময় বিলম্ব হয়। সে কারণে ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোর মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে, যাতে অতীতের মতো দেশ আবারও ভয়াবহ বিদ্যুৎ-সংকটে না পড়ে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোর ওপর নির্ভর করা বিপজ্জনক। কারণ, এগুলো থেকে টেকসই উৎপাদন আশা করা যায় না। এখনই এগুলোর কোনো কোনোটিতে নির্ধারিত ক্ষমতার চেয়ে উৎপাদন কম হচ্ছে।তা ছাড়া এসব কেন্দ্রের বিদ্যুতের দামের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বড় কেন্দ্রগুলো উৎপাদনে না আসা পর্যন্ত বিদ্যুতের গড় উৎপাদন মূল্য সমন্বিত হয়ে কমে আসবে না।এই প্রেক্ষাপটে লোডশেডিংমুক্ত বাংলাদেশের স্বপ্ন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। প্রথমে বলা হয়েছিল, ২০১১ সালের শেষেই দেশ লোডশেডিংমুক্ত হবে। এরপর বলা হয় ২০১২ সালের কথা। এখন তা-ও সম্ভব হচ্ছে না। কবে নাগাদ ওই স্বপ্নপূরণ সম্ভব হতে পারে, জানতে চাইলে বিদ্যুৎসচিব বলেন, ‘২০১৩ সাল লাগবে।’বড় কেন্দ্রগুলোর বাস্তবায়ন বিলম্বিত হওয়ার কারণে ছোট কেন্দ্রগুলোর ওপর নির্ভরশীলতা প্রলম্বিত হলে অর্থনীতিতে তার প্রভাব কী হতে পারে, জানতে চাইলে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এর ফলে সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিদ্যুৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অনেকটা একমুখী চিন্তা ছিল যে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। এর সঙ্গে ভর্তুকির পরিমাণ, আর্থিক ব্যবস্থাপনা প্রভৃতি বিষয় ভেবে দেখা হয়নি। তাই বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতিতে কত বড় ধাক্কা লাগতে পারে, সেই বিবেচনা ছিল না। দ্বিতীয়ত, উদ্ভূত এ পরিস্থিতিতে সরকারের পরিকল্পনার কারিগরি যৌক্তিকতা প্রশ্নের সম্মুখীন হয়েছে। তৃতীয়ত, বড় কেন্দ্রগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় দক্ষতার পরিচয় দিতে পারেনি। এ ক্ষেত্রে সরকারের প্রাক-প্রস্তুতির অভাব ও সমন্বয়ের ঘাটতি ছিল বলে প্রতীয়মান হচ্ছে।তিন বছরে বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি ও নতুন উৎপাদনকেন্দ্রের ধরন চুক্তি স্বাক্ষরিত কেন্দ্রের সংখ্যা স্থাপিত ক্ষমতা উৎপাদিত বিদ্যুৎ (মেগাওয়াট) (মেগাওয়াট)ভাড়াভিত্তিক ০৩টি ০৩টি ২৬৫ ২৬৫ কুইক রেন্টাল ১৫টি ১৭টি ১৩৮৮ ১০৮৮ আইপিপি (বেসরকারি) ১০টি ১০টি ১৬৩৫ - ]সরকারি খাত ১৮টি ১৮টি ২০১১ ৩৯১ মোট ৪৬টি ৪৮টি ৫২৯৯ ১৭৪৪ (২২টি কেন্দ্র) ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উৎপাদন পরিকল্পনাখাত/বছর ২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ (মেগাওয়াট) (মেগাওয়াট) (মেগাওয়াট) (মেগাওয়াট) (মেগাওয়াট)সরকারি ৮৩৮ ১১৯০ ১২৭০ ৪৫০ ১৫০০ বেসরকারি ১৩১৯ ১০৩৪ ১০০৩ ১৯০০ ১৩০০ মোট ২১৫৭ ২২২৪ ২২৭৩ ২৩৫০ ২৮০০