বড় গুইসাপের প্রাচীন বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক কবে এখানে রামগাদি বা বড় গুইসাপের (Varanus salvator) প্রথম পদচ্ছাপ পড়েছিল, তার নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে এতটুকু জানা গেল, কোনো এক সময় পুরো এলাকা ছিল হাওরসদৃশ জলাভূমি। ধারণা করা হয়, তখন উপকূলীয় এলাকা থেকে মেঘনার জল পেরিয়ে শীতলক্ষ্যার বুকে অবস্থিত নারায়ণগঞ্জে চলে এসেছিল সরীসৃপজগতের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীন এই গুইসাপ। পৃথিবীতে কমোডো ড্রাগন হচ্ছে সবচেয়ে বড় গুইসাপ প্রজাতি।নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকার কাইক্কারটেক রাস্তার রেলক্রসিংয়ের পশ্চিম পাশে সোলেমান ডিলারের বাড়ি। স্থানীয় বাসিন্দারা বলে ‘গুইসাপের পুকুরবাড়ি’। কচুরিপানা, টোপাপানা ও ময়লা-আবর্জনায় ভর্তি এই পুকুরেই বহুকাল ধরে বাস করছে গুইসাপগুলো।জানা গেল, কয়েক বছর আগেও পুকুরটিতে এদের সংখ্যা ছিল ৫০-৬০। কিন্তু এখন দেখা গেছে মাত্র পাঁচটি গুইসাপ। এলাকাবাসীর মতে, এদের বয়স ১৫ থেকে ৩০ বছর। পুকুরটির একপাশে অবস্থিত একটি ছোট বাঁশঝাড়ের বাঁশে বসে শীতের দিনে এরা রোদ পোহায়। আসলেই পুকুরটি ও এই বাঁশঝাড় ওদের থাকার নিরাপদ জায়গা। স্থানীয় কয়েকজন জানালেন, কয়েক বছর ধরে এরা ডিম দিচ্ছে না। তাই সংখ্যাও বাড়ছে না। কারণ ক্রমান্বয়ে পুকুরটি ভরাট হয়ে আসছে। ডিম পাড়ার জায়গার জন্য অনুকূল পরিবেশ নেই।কিছু লোক বিচিত্র এই প্রাণী ও এদের বসত এলাকা বিলীন করতে উঠে পড়ে লেগেছে। তারা চামড়ার জন্য এদের ধরতে আসে। বাংলাদেশে তিন প্রজাতির গুইসাপ দেখা যায়। এগুলো হলো সোনা গুই, কালো গুই ও রামগাদি বা বড় গুই। এদের প্রতিটিই বিপন্ন। কালো গুইসাপ দেশের সর্বত্র দেখা যায়। সোনা গুই পাহাড়ি এলাকায় আর রামগাদির প্রধান আবাস হলো মিঠাপানি ও লোনাপানির সঙ্গম এলাকা, নদীর মোহনা, সুন্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে সমগ্র উপকূলীয় অঞ্চল। বসতি সংকোচন ও চামড়ার জন্য ব্যাপক নিধনের কারণে আজ এরা বিপন্নপ্রায়।বড় গুই বা রামগাদি দেখতে গাঢ় বাদামি বা কালচে, তাতে হলুদ রঙের রিং বিদ্যমান। পা ও নখ লম্বাটে। লেজ চ্যাপ্টা ও শিরযুক্ত। এরা দ্রুত গাছে উঠতে পারে। সাঁতরে খাল-বিল-পুকুর সহজেই পাড়ি দিতে পারে। এদের প্রধান খাদ্য কাঁকড়া, শামুক, ইঁদুর, হাঁস-মুরগির ডিম, পচা-গলা প্রাণীদেহ ও উচ্ছিষ্ট।স্থানীয় বাসিন্দারা জানালেন, জায়গাটি সরকারি। সরকার উদ্যোগ নিয়ে পুকুরটি সংরক্ষণ করতে পারে। স্থানীয় লোকজন এ ব্যাপারে সাহায্য করতে আগ্রহী আছে। পুকুরটি গুইসাপের বসতির জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সরকারিভাবে সংরক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি বন্যপ্রাণী বিশেষজ্ঞরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা অনুষ্ঠানও করতে পারেন।