আগের দিন রোনালদিনহো, পাতো, আদ্রিয়ানো, রোনালদোর মতো তারকাদের ছাড়াই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল গঠন করে সবাইকে চমকে দিয়েছে ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দল গঠনের ক্ষেত্রে ব্রাজিলের উল্টো পথেই হেঁটেছে। একই দিন বড় ধরনের কোনো চমক ছাড়াই ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ বিজয়ীরা। তবে ম্যারাডোনার ঘোষিত দলে নেই অভিজ্ঞ জেভিয়ার জেনেত্তি ও ক্যামবিয়াসো। আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত দল ঘোষণা করবে ১ জুন।বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণের নেতৃত্বে থাকবেন ফিফা বর্ষসেরা লিওনেল মেসি। প্রতিপক্ষের রক্ষণ ভাগকে দুমড়ে-মুচড়ে দিতে মেসিকে সহায়তা করবেন হিগুয়েন, মিলিত্তো, পালের্মো ও কার্লোস তেভেজ। জেনেত্তি, ক্যামবিয়াসোর মতো দলে সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগোরও। তাঁর জায়গায় নাটকীয়ভাবে সুযোগ পেয়েছেন এরিয়েল গার্স ও হুয়ান ইনসুরালদে এবং মিডফিল্ডার সেবাস্টিয়ান ব্ল্যাংকো। ম্যারাডোনার ঘোষিত দলের বেশির ভাগ খেলোয়াড়ই এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। আগের বিশ্বকাপগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র নয়জনের।আর্জেন্টিনার এই প্রাথমিক দলের তালিকা পেতে গলদঘর্ম হতে হয়েছে সংবাদকর্মীদের। ব্রাজিলের চমক লাগানো দলের পর সবার দৃষ্টি ছিল আর্জেন্টিনার দিকে। তবে দল ঘোষণা করতে শেষ বেলা পর্যন্ত সংবাদকর্মীদের অপেক্ষায় রাখেন ম্যারাডোনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটে খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়। তবে আগ্রহীদের প্রচণ্ড চাপে ওয়েবসাইটটিতে ঢুকতেও প্রচণ্ড বেগ পেতে হয় সবার।