বড় চ্যালেঞ্জ প্রকল্প বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রায় প্রকৃত চিত্রই উপস্থাপিত হয়েছে। এ খাতের পিছিয়ে পড়ার কারণ ও ক্রমপুঞ্জীভূত সমস্যাগুলো যথাযথভাবেই চিহ্নিত হয়েছে। সমাধান, এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নও সঠিকভাবেই করা হয়েছে। বরাদ্দও দেওয়া হয়েছে এ যাবত্কালের সর্বোচ্চ। তবে এ খাতে সরকারের বড় চ্যালেঞ্জ হবে সময়মতো প্রকল্প বাস্তবায়ন। বিদ্যুৎ খাত: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বিদ্যুৎ খাতের যে সমস্যাগুলোর কথা বলেছেন, তা বহুল কথিত। তিনি বলেছেন, দেশের প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র এতটাই পুরোনো যে সেগুলোকে অবসর দেওয়া উচিত। গ্যাস সরবরাহ যথোপযুক্ত না হওয়ায় অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকে। সঞ্চালন ও বিতরণ-ব্যবস্থাও দারুণভাবে ত্রুটিপূর্ণ এবং অপর্যাপ্ত। ফলে এ বছরের মে মাসে বিদ্যুতের উত্পাদনক্ষমতা (ডিরেটেড) পাঁচ হাজার ৫২০ মেগাওয়াটে উন্নীত হলেও মাসিক গড় উৎপাদন চার হাজার ৭০ মেগাওয়াটে সীমিত থেকেছে। এ সীমাবদ্ধতা থেকে বের হয়ে বিদ্যুৎকে উন্নয়নের প্রধান বাহন হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি পরিকল্পনা তুলে ধরেছেন। তবে এ পরিকল্পনার বহুলাংশ আগেই বিদ্যুৎ মন্ত্রণালয় দেশবাসীকে জানিয়েছে। অর্থমন্ত্রী তাঁর সঙ্গে কিছু সংযোজন-বিয়োজন করে যা বলেছেন, তার সারসংক্ষেপ হলো: ২০১২ সালের মধ্যে চাহিদা ও উৎপাদনের পার্থক্য দূর করা; ২০১৫ সালের মধ্যে মোট নয় হাজার ৪২৬ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন এবং সরকারের প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে দেশের সবার জন্য বিদ্যুতের সংস্থান করা।ওই লক্ষ্য অর্জনে ইতিমধ্যে এক হাজার ১০৭ মেগাওয়াট ‘কুইক রেন্টাল’সহ যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করা হয়েছে, তা উল্লেখ করে অর্থমন্ত্রী এ খাতের অগ্রগতি তুলে ধরেছেন। তবে ইতিমধ্যে এ প্রক্রিয়া বিলম্বিত হতে শুরু করেছে। এ সমস্যাগুলো সরকারের নিবিড় পর্যবেক্ষণে না থাকলে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হতে পারে। কারণ, চলতি অর্থবছরে (২০০৯-১০) বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি ভালো ছিল না। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এর সঞ্চালন ও বিতরণ-ব্যবস্থার উন্নয়নের কথা অর্থমন্ত্রী উল্লেখ করলেও তিন বছরমেয়াদি এ কাজের অগ্রগতির যে পরিসংখ্যান দিয়েছেন, তা খুব আশাব্যঞ্জক নয়। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ২০১৫ সালের মধ্যে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের পাঁচ শতাংশ এবং ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ। কিন্তু এ লক্ষ্য অর্জনের জন্য এখনো পর্যাপ্ত কোনো পদক্ষেপ নেই। এমনকি নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যে একটি কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ প্রায় এক দশকের, তাও এখন পর্যন্ত সম্পন্ন করা যায়নি। তবে অর্থমন্ত্রী বলেছেন, এটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ ছাড়া বিদ্যুতের গ্রাহক প্রান্তের ব্যবস্থাপনা উন্নয়ন, বিদ্যুৎ-সাশ্রয়ী বাল্ব বিতরণ প্রভৃতির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের কথাও অর্থমন্ত্রী বলেছেন। বলেছেন, বিদ্যুৎ উত্পাদন প্রধানত গ্যাসনির্ভর না রেখে জ্বালানি বহুমুখীকরণের কথা। এ জন্য বিদ্যুতের দাম বাড়বে উল্লেখ করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, এ খাতে সরকার ভর্তুকি বাড়াবে। আর পর্যায়ক্রমে বিদ্যুতের দাম বাড়বে।জ্বালানি খাত: অতীতের বর্ণনার সঙ্গে গ্যাসের চাহিদা ও সরবরাহের বর্তমান চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেছেন, সমুদ্রবক্ষের তিনটি ব্লকে গ্যাস অনুসন্ধানের চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু বাস্তবে তা রয়েছে গভীর অনিশ্চয়তার মধ্যে। অর্থমন্ত্রী বলেছেন, দ্রুত গ্যাস উত্তোলন বাড়ানোর জন্য পেট্রোবাংলা ‘ফাস্ট ট্রাক প্রোগ্রাম’ নিয়েছে। বাস্তবে এ কর্মসূচি বাস্তবায়নের সময় একাধিকবার পার হয়ে গেছে। অর্থমন্ত্রী গত বাজেট বক্তৃতায়ই বলেছিলেন জ্বালানি নীতি যুগোপযোগী করা ও কয়লানীতি চূড়ান্ত করার কথা। গত প্রায় এক বছরে তা হয়নি। ফলে এ বছরও প্রায় একই কথা বলতে হয়েছে তাঁকে। তবে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অর্থমন্ত্রী উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি করার ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি, সংশ্লিষ্ট এলাকার পরিবেশ সংরক্ষণ ও সার্বিক অবকাঠামো উন্নয়নের উল্লেখ করে বাজেট বক্তৃতায় সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্তের প্রকাশ ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত এর সবকিছুরই সাফল্য নির্ভর করবে সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর।