বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু
সপ্তাহ শুরু হলো বড় দরপতনের মধ্য দিয়ে। বিনিয়োগকারীদের আস্থাহীনতা যেমন ব্যাপক, সূচকের পতনও হয়েছে ব্যাপক।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার সাধারণ মূল্যসূচক ১৯৪ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ কমে পাঁচ হাজার ৫৩৩ পয়েন্টে নেমে এসেছে। গত চার মাসের মধ্যে এটিই সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ২৯ মে ডিএসইর সাধারণ সূচক ছিল পাঁচ হাজার ৪৯০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল ৫২৪ পয়েন্ট বা ৩ দশমিক ২৪ শতাংশ কমে হয়েছে ১৫ হাজার ৬৩০ পয়েন্ট।অব্যাহত এ দরপতনের প্রতিবাদে গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসইর মূল ভবনের সামনে মানববন্ধন করেছে বিনিয়োগকারীদের একটি অংশ। বেলা পৌনে দুইটার দিকে বাংলাদেশ পুুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিনিয়োগকারীরা।পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, ‘এভাবে দরপতন চলতে থাকলে সাধারণ বিনিয়োগকারীরা আর বাজারে থাকতে পারবেন না। তাঁদের আস্থা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারকেই এগিয়ে আসতে হবে।’ যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালের শেষে বাজারে যে পতন দেখা দিয়েছিল তার একটি বড় কারণ ছিল শেয়ারের অতিমূল্যায়ন। কিন্তু সাম্প্রতিক দরপতন, বিশেষ করে, গত আগস্ট মাস থেকে যে পতন, তা একেবারের অনাকাঙ্ক্ষিত। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। সেই কারণেই আমার কাছে মনে হয়, এ দরপতন কেবল নীতিব্যর্থতার জন্য নয়, কিছুটা কারসাজিমূলকও।’ সালাহউদ্দিন আহমেদ খানের মতে, এসইসি পুঁজিবাজারের কারসাজির অভিযোগে যাঁদের বিরুদ্ধে মামলা করেছে, সরকারি তদন্ত কমিটি তাঁদের বাইরেও অনেকের দিকে অঙ্গুলি নির্দেশ করেছিল। এই অনেকের আবার পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ওপর ব্যাপক প্রভাব রয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে যাতে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ না নেওয়া হয়, সেটা নিশ্চিত করতে তাঁরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। পুনরায় তদন্ত করলে এ ঘটনার নাটের গুরুদের চিহ্নিত করা যাবে। সালাহউদ্দিন আহমেদ খান আরও বলেন, বাজারে সমর্থন দেওয়ার নামে এমন কিছু ব্যক্তি উদ্যোগী হয়েছেন, যাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটি প্রশ্ন তুলেছিল। বিনিয়োগকারীদের মধ্যেও তাঁদের অনেকের ব্যাপারে আস্থাহীনতা রয়েছে। তাই হঠাৎ তাঁদের উদ্যোগী হওয়ার ঘটনায় বিনিয়োগকারীদের আস্থাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান শেয়ারবাজার নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছেন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) সঙ্গে নিয়ে ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল’ নামে একটি মেয়াদহীন মিউচুয়াল ফান্ড গঠনের ধারণা উপস্থাপন করেছেন। একই সঙ্গে তিনি তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসির সভাপতি হিসেবে গত ২১ সেপ্টেম্বর ডিএসই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একটি নির্দিষ্ট দামে বড় মূলধনের কোম্পানিগুলোর উদ্যোক্তাদের শেয়ার কেনার আগ্রহের কথা জানান। দরপতনের আরও কারণ সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ খান বলেন, অনেক বিনিয়োগকারী ঋণে আবদ্ধ হয়ে আছেন। ঋণ সমন্বয়ের জন্য তাঁদের শেয়ার বিক্রি করতে হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্রেতা হতে পারত। কিন্তু ২০১০ সালের পুঁজিবাজারের বিনিয়োগের জন্য এসব প্রতিষ্ঠানকে অযাচিত সমালোচনা করা হয়েছে। ফলে তারল্য থাকলেও এসব প্রতিষ্ঠানের অনেক পরিচালকই নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না। বিনিয়োগযোগ্য অবস্থা থাকা সত্ত্বেও বাজারে তাদের সক্রিয় না হওয়া এবং যাঁদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, বাজারে সমর্থন দেওয়ার নামে তাঁদেরই সক্রিয় হওয়া বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। আর আতঙ্ক বাজারের জন্য কখনোই সহায়ক হয় না।এসইসির জরুরি বৈঠক: এদিকে সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে আজ সোমবার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে জরুরি বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সকাল সাড়ে ১০টায় এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানান, ডিএসই এবং সিএসইর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসহ (বিএমবিএ) প্রথম সারির বেশ কিছু ব্রোকারেজ হাউস ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সকালে এসইসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে শেয়ারবাজারে বিমা খাতের বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। যোগাযোগ করা হলে শেখ কবীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘জীবনবিমা খাতে বিনিয়োগযোগ্য উদ্বৃত্ত তারল্য রয়েছে। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে এসব অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা যাচ্ছে না। অথচ বাজারের বর্তমান অবস্থায় জীবনবিমা কোম্পানিগুলো এ খাতে বিনিয়োগ করতে আগ্রহী। বিষয়টি আমরা চেয়ারম্যানকে অবগত করেছি।’ আইন অনুযায়ী, জীবনবিমা কোম্পানিগুলোকে তাদের সংগৃহীত অর্থের ৩০ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগ করতে হয়। বাকি ৭০ শতাংশের মধ্যে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগ করা যায়। বিআইএর নেতারা শেয়ারবাজারে বিনিয়োগের এই সীমা আরও বাড়ানোর আবেদন জানিয়েছেন। জানা গেছে, বর্তমানে দেশে জীবনবীমা খাতে প্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি অর্থ রয়েছে। এর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি।