বড় দলগুলোর ক্ষমতার রাজনীতিই হেফাজতকে গুরুত্বপূর্ণ করে তুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান দলগুলোর ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি হেফাজতে ইসলামকে ব্যবহার করতে চাইছে। আওয়ামী লীগও হেফাজতে ইসলামের সঙ্গে কিছুটা সমঝোতা করেই চলতে চাইছে। তবে দল দুটির নেতারা স্বীকার করেছেন, এই প্রকাশ্য অবস্থানের বাইরে আগামী নির্বাচনে ভোটের রাজনীতিও দল দুটির কাছে গুরুত্বপূর্ণ। হেফাজতের ‘ভোটব্যাংক’ ধরতে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি তাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে এবং যোগাযোগ রাখছে বলে স্বীকারই করে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি সেভাবে এখনো ভোটের রাজনীতির কথা স্বীকার করছে না। তবে এরই মধ্যে ‘আকাঙ্ক্ষা ও ছক অনুযায়ী’ ৬ এপ্রিলে লংমার্চ শেষে মতিঝিলে টানা অবস্থান কর্মসূচিতে না যাওয়ায় হেফাজতের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের মন-কষাকষি ও দূরত্ব বেড়েছে। এখন এ দূরত্ব কমানোর জন্য ধর্মভিত্তিক একটি দল তৎপরতাও শুরু করেছে বলে জানা গেছে। ৬ এপ্রিলের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সরকার আপাতত স্বস্তিতে থাকলেও হেফাজতের আগামী ৫ মের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি নিয়ে উৎকণ্ঠা রয়ে গেছে। এ কারণে হেফাজতের সঙ্গে যোগাযোগ ও সমঝোতার জন্য সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র থেকে জানা গেছে। বিএনপির সঙ্গে মন-কষাকষি: ১৮-দলীয় জোটের একাধিক উচ্চপর্যায়ের সূত্র থেকে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব আশা করেছিলেন, দাবি-দাওয়ার ব্যাপারে অনড় থেকে হেফাজতে ইসলাম ৬ এপ্রিল রাজধানীর রাস্তায় টানা অবস্থান নেবে। লাগাতার হরতালসহ বড় ধরনের কর্মসূচিতে যাবে। কিন্তু তা না হওয়ায় হেফাজতের ওপর বিএনপির শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ হন। হেফাজতকে কঠোর কর্মসূচির দিকে নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় ৬ এপ্রিল রাতে ১৮ দলের বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হেফাজতের সঙ্গে যুক্ত জোটের শরিক ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কোনো কোনো নেতার সঙ্গে রাগারাগিও হয় বলে বৈঠকে উপস্থিত সূত্র জানায়।নাম প্রকাশ না করার শর্তে ১৮-দলীয় জোটের শরিক দলের এক শীর্ষনেতা জানান, হেফাজতের পরবর্তী কর্মসূচির ব্যাপারে প্রভাব খাটাতে জোটের শরিক কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোর প্রতি বিএনপির আগাম কোনো পরামর্শ বা নির্দেশনা ছিল না। কারণ, তারা ভেবেছিল, প্রত্যাশা অনুযায়ী হেফাজত ঢাকার রাস্তায় টানা অবস্থান নেবে। ৬ এপ্রিল দুপুর দুইটার দিকে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা মুঠোফোনে ধর্মভিত্তিক একটি দলের কেন্দ্রীয় এক নেতাকে বলেন, হেফাজত যেন রাস্তায় অবস্থান নেয়। কিন্তু ওই সময় আর সে ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়ে দেন জোটের ওই নেতা। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘হেফাজতের কর্মসূচি থেকে বিএনপির চাওয়া-পাওয়ার কিছু ছিল না। দলের নীতি-আদর্শের সঙ্গে কিছু বিষয়ে মিল থাকায় আমরা তাদের কর্মসূচিতে নৈতিক সমর্থন দিয়েছিলাম। এর বাইরে তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তাই এতে হতাশ বা অসন্তুষ্টিরও কিছু নেই।’ আওয়ামী লীগ ও জাপা: আওয়ামী লীগের কৌশল হচ্ছে, দলের মধ্যম সারির নেতারা হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দেবেন। আবার সরকার হিসেবে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে হেফাজতের সঙ্গে যোগাযোগ ও সমঝোতার চেষ্টা অব্যাহত রাখবে। কারণ, ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে কোনো কোনো মহল সরকার বা দেশকে অস্থিতিশীল করার সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছে তারা। তবে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, ধর্মের কথা বলে জমায়েত হওয়া, আর রাজনীতি ভিন্ন কথা। যখনই হেফাজতে ইসলাম রাজনৈতিক ব্যানারে আসবে, তখন তাদের প্রতি মানুষের আগ্রহ আর থাকবে না। হেফাজতে ইসলামকে ‘রাজনৈতিক শক্তি’ বলে মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তাদের পরবর্তী কাজগুলো দেখতে হবে। এরপর এ বিষয়ে মূল্যায়ন করা যাবে। ৫ মে হেফাজতের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিতে সরকার কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা করছে কি না—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো আশা করি তারা শান্তিপূর্ণভাবে করবে। কিন্তু আশা অনেক সময় আশঙ্কায় পরিণত হয়।’মহাজোটের শরিক জাতীয় পার্টি হেফাজতে ইসলামের কর্মসূচিকে সমর্থন দিয়েছিল। সর্বশেষ গত সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জানান, তাঁর সঙ্গে হেফাজতে ইসলামের যোগাযোগ আছে। জাতীয় পার্টির ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের সারা দেশের একটি বড় ভোটব্যাংক আছে বলে মনে করা হচ্ছে। আগামী নির্বাচনে এই ভোটে ভাগ বসানোর আশায় জাতীয় পার্টি হেফাজতের পাশে দাঁড়িয়েছে। সূত্রগুলো বলছে, ধর্মভিত্তিক কয়েকটি দলকে নিয়ে নির্বাচনের আগে একটি জোট গঠন করারও আকাঙ্ক্ষা আছে এরশাদের। হেফাজতকে সমর্থন দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এতে ইমানি দায়িত্বও পালন করা হলো, আবার তাদের একটা ভোটব্যাংক আছে, সে বিষয়টিও চিন্তায় রয়েছে আমাদের।’ অবশ্য, ১৪-দলীয় জোটের শরিক বাম দলগুলোসহ প্রগতিশীল ব্যক্তিরা হেফাজতে ইসলামের ১৩ দফার জোর বিরোধিতা করছেন। বিশেষ করে, তাঁরা এসব দাবির কয়েকটি নারীর উন্নয়ন ও অগ্রগতি পথে বাধা হিসেবে বিবেচনা করছেন। জোটের শরিকদের মধ্যে প্রতিক্রিয়া: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হেফাজতে ইসলামের বিষয়ে জোটের বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্বের নেতিবাচক প্রতিক্রিয়ায় শরিক ধর্মভিত্তিক দলগুলোর নেতারাও ক্ষুব্ধ হন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ১৮-দলীয় জোটের পরবর্তী বৈঠকগুলোতে না যাওয়ার মতো অবস্থানের পক্ষেরও একটি দলের মহাসচিব বাকি শরিকদের সঙ্গে কথা বলেন। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয় এবং সে উদ্যোগ থেমে যায়। তবে ধর্মভিত্তিক দলগুলোর প্রতিক্রিয়া ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে।জানতে চাইলে ১৮-দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুহাম্মদ ওয়াক্কাছ তাঁদের ওপর খালেদা জিয়ার ক্ষুব্ধ হওয়ার বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি প্রথম আলোকে বলেন, ‘আরও কিছু কর্মসূচি আসতে পারত বলে তিনি (খালেদা জিয়া) মত দিয়েছেন। রাগারাগি করেছেন বলে জানি না। তা ছাড়া হেফাজতে ইসলাম একটি প্ল্যাটফর্ম, এটি জোটের শরিক দল নয়। তাই ওনার রাগ করার অধিকারও নেই।’ হেফাজতে ইসলাম যা বলে: কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। তবে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় যোগ্যতা হেফাজতের আছে। আওয়ামী লীগ আপনাদের ১৩ দফা পুরোপুরি মানবে না বলে সরাসরি বলছে। বিএনপিও এখন বলছে, সব দাবির সঙ্গে তারা একমত নয়। তাহলে নিজেরা ক্ষমতায় গিয়ে আপনারা ১৩ দফা বাস্তবায়ন করবেন—এ প্রশ্নে জবাবে ফয়জুল্লাহ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার চিন্তা করে আমরা এ আন্দোলন করছি না। যারা ক্ষমতায় থাকবে বা যাবে, তাদের এই দাবি মেনেই থাকতে বা যেতে হবে।’