বড় পর্দার উত্তেজনা
কে জিতবে এবারের বিশ্বকাপ? কোন দলের হাতে উঠবে সোনার ট্রফিটা? কাকা না মেসি, রুনি না রোনালদো—কার পক্ষে যাবে ভাগ্যদেবী? এ নিয়ে তর্ক-বিতর্ক আর ধুম আড্ডা চলছে নগরজুড়ে। বিশ্বকাপের বাকি আছে আর মাত্র চার দিন। এরই মধ্যে বিশ্বকাপপ্রেমীরা খেলা দেখা নিয়ে তাঁদের পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন। ঘরে বসে নাকি খোলা মাঠে দলবেঁধে খেলা দেখায় আনন্দ? এ প্রশ্নের উত্তরে দুপক্ষে ভূরি ভূরি জবাব মিলবে। তবে ছোট পর্দার চেয়ে বড় পর্দায় খেলা দেখার ঝোঁক যে নগরবাসীর বেশি, তার প্রমাণ পাওয়া গেল নগরের বেশ কিছু এলাকা ঘুরে, নগরের ক্রীড়ামোদীদের সঙ্গে কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গরমের ছুটি। আম-কাঁঠাল খেতে অনেক শিক্ষার্থীই ক্যাম্পাস ছেড়ে পাড়ি জমিয়েছেন নিজ গ্রামের বাড়িতে। কিন্তু কেউ কেউ ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন না খালি বড় পর্দায় খেলা দেখার জন্য। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল কাশেম বলছিলেন, ‘বন্ধুবান্ধব মিলে টিএসসির বড় পর্দায় খেলা দেখব বলে এবার আর ছুটিতে বাড়ি যাচ্ছি না।’ তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সবুজ চত্বর ছাড়াও মল চত্বর, জহুরুল হক হলের মাঠ এবং মুহসীন হলের মাঠে বড় পর্দায় খেলা দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান। তবে অন্যবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল এবং জসীমউদ্দীন হলের মধ্যবর্তী মাঠে বড় পর্দায় খেলা দেখানো হলেও এবার এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশেই পুরান ঢাকায়ও রয়েছে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা। পুরান ঢাকার প্রায় সব কটি পঞ্চায়েতে চলছে টিভি মেরামত আর নতুন টিভি আনার প্রস্তুতি। তবে কিছু কিছু পঞ্চায়েতে আবার শুরু হয়েছে বড় পর্দায় খেলা দেখানোর জোর প্রস্তুতি। তেমনটিই জানালেন ৭১ নম্বর পঞ্চায়েত সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রহমতউল্লাহ। বড় পর্দায় খেলা দেখানোর কথা জানিয়ে তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও পঞ্চায়েতেই খেলা দেখানো হবে। তবে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে জিয়াউর রহমান স্কুলের মাঠেও এবার খেলা দেখানো হতে পারে বলেও তিনি জানান।পুরান ঢাকার মতো জোরেশোরে না হলেও বড় পর্দায় খেলা দেখার দিক দিয়ে পিছিয়ে নেই নতুন ঢাকাও। বৃহত্তর মিরপুরেও মিরপুর ১ নম্বর হাউস বিল্ডিং এলাকায়, মিরপুর ১৩ নম্বরে টিনশেড কলোনিতে এবং মিরপুর ১৪ নম্বরের কলোনি এলাকায়ও বড় পর্দায় খেলা উপভোগের সুযোগ পাওয়া যাবে বলে জানান মিরপুরের স্থানীয় বাসিন্দা খান আসাদুজ্জামান মাসুম। মোহাম্মদপুর এলাকায় মোহাম্মদপুর টাউন হল মাঠে এবারও বড় পর্দায় খেলা দেখানো হবে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। চারপাশে মার্কেটে ঘেরা এই মাঠে বিশ্বকাপ এলেই ক্রীড়ামোদীদের ভিড় জমে যায়। তবে নগরের বিভিন্ন এলাকার খেলার মাঠ ও খোলা জায়গা ছাড়াও আবদ্ধ স্থানেও রয়েছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ। জার্মান কালচারাল সেন্টার প্রতিবারের মতো এবারও সবার জন্য খেলা দেখার সুযোগ করে দিচ্ছে। জার্মান কালচারাল সেন্টারের প্রোগ্রাম অফিসার তানভীর আলিম জানান, ১৮ তারিখ থেকে জার্মানি আর সুইজারল্যান্ডের সব খেলাসহ সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করেছেন তাঁরা। ফাইনালের দিন কনসার্টের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের ক্যাফেতে বসেও উপভোগ করা যাবে ফ্রান্সের প্রথম তিনটি খেলা। ফ্রান্স পরের রাউন্ডে উঠলে পরবর্তী ম্যাচগুলোও দেখানোর ব্যবস্থা করবেন আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষ। দলবেঁধে খেলা দেখার জন্য গুলশান-বনানীর অনেকেই বাড়ির ছাদেও প্রজেক্টর বসিয়ে খেলা দেখে থাকেন। তবে ফুটবল আসার আগেই জমে উঠেছে আরামবাগের ক্লাবপাড়া। বরাবরের মতো এবারও ক্লাবঘরে থাকবে খেলা দেখানোর ব্যবস্থা। হালকা চালের মুড়ি, চানাচুর আর চায়ের কাপে চুমুক দিতে দিতে খেলা দেখা যাবে ফুটবল ক্লাবগুলোতেও। তবে ২০০৬ সালের বিশ্বকাপেও আবাহনীর মাঠে যাঁরা খেলা উপভোগ করেছেন, তাঁদের জন্য এবার আর সেই সুখবর নেই। আবাহনী ক্লাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘এখনো পর্যন্ত তাঁরা খেলা দেখানোর কোনো পরিকল্পনা গ্রহণ করেননি।’