বড় পাঠানকে ছোঁয়ার অপেক্ষা
পাঠান ইমরান খান পাকিস্তানকে আনন্দে ভাসিয়েছিলেন ১৯৯২ বিশ্বকাপে। সেই ১৯ বছর আগের কথা। পাকিস্তানের এবারের নিশান যাঁর হাতে, তিনিও খান, পাঠানও। শহীদ খান আফ্রিদি। এই আফ্রিদি আগেও অধিনায়ক ছিলেন। কিন্তু পাঠানদের মজ্জায় মিশে থাকা লড়াকু আফ্রিদিকে যেন নতুন করে দেখল এবার ক্রিকেট বিশ্ব। খাদের কিনারা থেকে উঠে এসে বিশ্বকাপে পা রাখতেই আফ্রিদি যেন ফিরে গেলেন শিকড়ে। আক্ষরিক অর্থেই বারবার দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে এসেছেন সেমিফাইনালে। ‘বড় পাঠানে’র কীর্তি ছুঁতে মাত্র দুই ধাপ দূরে ‘ছোট পাঠান’।স্বপ্নপূরণের হাত বাড়ানো দূরত্বে থেকে আজ আফ্রিদির সামনে প্রথম বাধা মহেন্দ্র সিং ধোনি, ধোনির দল ভারত। লিউ শিয়াংয়ের মতো নিখুঁত নৈপুণ্য দেখিয়ে এই বাধা টপকানো গেলে স্বপ্নপূরণ থেকে মাত্র এক ধাপ দূরে থাকবেন ইমরানের উত্তরসূরি।কিন্তু ভারত-বাধা টপকানো যে মোটেও সহজ হবে না, সেটা মানছেন পাকিস্তান অধিনায়ক। তবে দলকে তিনি নির্ভার থাকার দাওয়াই দিয়েছেন। ফল নিয়ে ভাবতে নিষেধ করে দিয়েছেন এই বলে, ‘সবাই জানে, এটা কত বড় ম্যাচ এবং কত চাপ থাকবে ম্যাচটি ঘিরে। তবে ফল যা-ই হোক, আমরা আমাদের সেরাটাই দেব। ম্যাচের পর আমরা নিজেদের এই বলে সান্ত্বনা দিতে পারব যে সেরাটাই আমরা দিয়েছি।’যোগ্য নেতার মতোই এগিয়ে চলেছেন আফ্রিদি। ব্যাট হাতে ভূমিকা রাখতে না পারলেও বল হাতে গুঁড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে। নাস্তানাবুদ করে ছেড়েছেন শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডা, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। এক টুর্নামেন্টে চারবার ম্যাচে ৪ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এ পর্যন্ত ২১ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দেওয়ার অপেক্ষায়। আর ৬টি উইকেট পেলে ভেঙে দেবেন এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড।এই রেকর্ড ভাঙা তাঁর জন্য কঠিন। তার চেয়েও বেশি কঠিন ভারত-বাধা পেরোনো। আজ মহারণে নামার আগে তাই বেশ সতর্ক আফ্রিদি। ফেবারিট ভারতকে হারাতে হলে সামর্থ্যেরও বেশি দিতে হবে পাকিস্তানকে। তাই হয়তো বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে এই বড় ম্যাচে ১১০ ভাগ দেওয়ার।’ভারত-পাকিস্তান দ্বৈরথকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব যেমন রোমাঞ্চিত, তেমনি রোমাঞ্চিত দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনায়কও। স্বাভাবিকভাবেই ভারতীয় মিডিয়ার সর্বগ্রাসী ক্ষুধার সামনে তারাও। তবে সব ছোঁয়া বাঁচিয়ে দলকে আগলে রাখছেন আফ্রিদি। বাইরের কথায় কান না দেওয়ার পরামর্শ তাঁর। সবার চোখ মাঠে। পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দেবেন বলে হুমকি দিয়ে রেখেছেন পাঠান আফ্রিদি, ‘আমরা শুধু যে জবাবটা দিতে পারি, তা হলো মাঠে আমাদের পারফরম্যান্স।’