বড় প্রকল্প নিয়ে প্যাঁচাপ্যাঁচি সুনাম-সংকটে বিটিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকযোগ্যতা বাছাইয়ে যোগ্য প্রতিষ্ঠানকে বাদ দেওয়া নিয়ে সমস্যার শুরু। এরপর একে একে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আদেশ, গণ খাতে ক্রয়সংক্রান্ত আইন অনুযায়ী সরকারের গঠিত সিপিটিইউর রিভিউ প্যানেলের রায় ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য করা হয়েছে। প্রাক্কলন ব্যয় বাড়ানো হয়েছে মূল খরচের প্রায় সমান। এই হলো রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ২০০ কোটি টাকার অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন প্রকল্পের হালখাতা। দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্প নিয়ে প্যাঁচাপ্যাঁচিতে সময় চলে গেছে তিন বছর। অভিযোগ উঠেছে দুর্নীতির ষড়যন্ত্রেরও। এতে সুনাম-সংকটে পড়েছে সংস্থাটি। বিটিসিএলের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকায় এক হাজার ৪৩১ কিলোমিটার অপটিক্যাল ফাইবার লাইন ও ১১টি মাইক্রোওয়েব লিংক বসানোর জন্য টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পটি (লট-বি) ২০১০ সালের জানুয়ারিতে গ্রহণ করা হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৩ দশমিক ৫৩ মিলিয়ন ডলার (১১১ কোটি টাকা)। পরের বছর এই ব্যয় ১১ দশমিক ১৭ মিলিয়ন ডলার (৯১ কোটি ৭২ লাখ) বাড়িয়ে ২৪ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার (২০০ কোটি ৯৯ লাখ টাকা) করা হয়। নথিতে দেখা যায়, গত বছরের ১৪ জানুয়ারি বিটিসিএলের তৎকালীন সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আজিজুল ইসলাম বর্ধিত প্রাক্কলন সম্পর্কে লিখেছেন, এমন প্রাক্কলন করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। সমন্বয় কমিটি একে বাস্তবসম্মত বলতে অস্বীকৃতি জানিয়েছে। তাই এর ওপর ভিত্তি করে জমা পড়া দরপত্র খোলা ঠিক হবে না বলে মত দিয়েছে কমিটি।অভিযোগ উঠেছে, প্রাক্কলিত ব্যয় বাড়িয়ে দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে বিটিসিএল তুরস্কের কোম্পানি নাটাসকে প্রাকযোগ্যতা যাচাই পর্যায়েই বাদ দেওয়া হয়। এ কাজের জন্য দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পায় মাত্র দুটি প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠানেরই স্থানীয় প্রতিনিধি (এজেন্ট) একই মহল।এই দরপত্রের বেশির ভাগ প্রক্রিয়া সম্পন্ন হয় আবু সাঈদ খান বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালে। পরে তাঁকে বদলি করা হয়। তিনি দাবি করেন, প্রাক্কলন বাড়িয়ে অতিমূল্যায়িত অর্থ আত্মসাতের আয়োজনসংক্রান্ত অভিযোগ ঠিক নয়।সব সিদ্ধান্ত উপেক্ষা: প্রাকযোগ্যতার বাছাইয়ে বাদ পড়ার পর নাটাস রিভিউ প্যানেলের কাছে প্রতিকার চায়। গত বছরের ৬ মার্চ রিভিউ প্যানেলের রায়ে নাটাসকে এই দরপত্রের জন্য প্রাকযোগ্য ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়। এই আদেশ বাস্তবায়নের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় ১৮ মার্চ বিটিসিএলকে নির্দেশ দেয়। গত বছরের ২১ মার্চ বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভায় মন্ত্রণালয়ের ওই নির্দেশ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। কিন্তু বিটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা সব সিদ্ধান্ত উপেক্ষা করেন এবং গত বছরের ৩ মে আর্থিক দরপ্রস্তাব খোলার ব্যবস্থা করেন। এর বিরুদ্ধে নাটাস ওই বছরের ৬ মে হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট সাত দিনের মধ্যে রিভিউ প্যানেলের সিদ্ধান্তের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। অপর দিকে ৭ মে বিটিসিএল হাইকোর্টের আরেকটি বেঞ্চে গিয়ে রিভিউ প্যানেলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করে।পরে উভয় রিটের শুনানি শেষে গত বছরের ৭ আগস্ট হাইকোর্ট রায় দেন। তাতে বিটিসিএলে-র রিট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করা হয় আর নাটাসের আবেদন মঞ্জুর করা হয়। রায়ে বলা হয়, বিটিসিএলের এমডি রিভিউ প্যানেলের আদেশের বিরুদ্ধে রিট করতে পারেন না। রিটে অনেক তথ্য গোপন করা হয়েছে। আদালতে প্রতিকার চাইতে বিটিসিএল ‘পরিষ্কার হাতে’ আসেনি। আদেশের অনুলিপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে নাটাসের বিষয়ে রিভিউ প্যানেলের দেওয়া আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্ট।বিটিসিএল এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। গত বছরের ২৩ আগস্ট চেম্বার বিচারপতি দুই সপ্তাহের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে সময় বেঁধে দেন এবং সে পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। বলা হয়, এর মধ্যে লিভ টু আপিল দায়েরে ব্যর্থ হলে স্থিতাবস্থা প্রত্যাহার হয়ে যাবে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্ধিত সময়ের মধ্যেও লিভ টু আপিল করতে ব্যর্থ হয় বিটিসিএল। পরে ১ নভেম্বর লিভ দাখিল করে, তত দিনে স্থিতবস্থা প্রত্যাহার হয়ে গেছে।আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত: নথিপত্রে দেখা যায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করার বিষয়ে পরে বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভায় ভূতাপেক্ষ অনুমোদন চাওয়া হয়। কিন্তু পর্ষদ জানায়, এ বিষয়ে আগেই রিভিউ প্যানেলের রায় মেনে চলার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কাজেই বিটিসিএল কোম্পানি আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। এরপর পর্ষদের ৮১তম সভায় বিটিসিএলের নেওয়া আইনি ব্যবস্থা সম্পর্কে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সাবধান করা হয়। ৮২তম সভায় পর্ষদ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে অবিলম্বে আপিল প্রত্যাহার করে রিভিউ প্যানেলের রায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত (৭১ ও ৭২তম) ও হাইকোর্টের নির্দেশ প্রতিপালনের সিদ্ধান্ত হয়।বিটিসিএল আপিল প্রত্যাহার করার বিষয়ে গত ১২ ডিসেম্বর তাদের আইনজীবী আনিসুল হককে চিঠি দেয়। তাতে বলা হয়, সময়মতো প্রকল্প বাস্তবায়িত না হলে বিদেশি ঋণের অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই রিভিউ প্যানেল ও হাইকোর্টের রায় মেনে প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আপিলটি আর চালিয়ে যাওয়ার অবকাশ নেই।গত ৬ জানুয়ারি একই বিষয়ে বিটিসিএলের তৎকালীন এমডি আজিজুল ইসলামের সই করা আরেকটি চিঠি পাঠানো হয় আইনজীবী আনিসুল হকের কাছে। তাতে বলা হয়, অনতিবিলম্বে আপিল প্রত্যাহারপূর্বক এই দপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।এর এক সপ্তাহ পর আজিজুল ইসলামকে অন্যত্র বদলি করা হয় এবং এমডির দায়িত্ব পান মো. কলিমুল্লাহ। আপিল প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আপিল প্রত্যাহারের ব্যাপারে বিটিসিএল কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এ-সংক্রান্ত চিঠি প্রথম আলোর কাছে রয়েছে বলে জানালে কলিমুল্লাহ বলেন, ‘আমি গত মাসের ১৪ তারিখে এমডির দায়িত্ব পেয়েছি। তাই এটা আমার নোটিশে নাই।’তবে, আইনজীবী আনিসুল হক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আপিল প্রত্যারের বিষয়ে প্রথমে বিটিসিএলের একটি চিঠি পাই এবং প্রত্যাহারের প্রস্তুতি নিই। কিছুদিন পর মন্ত্রণালয় থেকে আরেকটি চিঠি পাই। তাতে আপিল চালিয়ে যেতে বলা হয়। এ অবস্থায় আপিল শুনানির জন্য রয়েছে।’প্রকল্পের সর্বশেষ অবস্থা জানতে চাইলে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কলিমুল্লাহ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) করা হয়েছে। এখন আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিটিসিএল।এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনও (দদুক) এ বিষয়ে অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য দিতে তলব করেছে। কিন্তু উচ্চ আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় দুদকের কার্যক্রমও থেমে আছে।