বড় বন্যার আশঙ্কা নেই বলে দাবি পানিসম্পদমন্ত্রীর
বর্ষাকালীন স্বাভাবিক বন্যার তুলনায় দেশের বেশ কিছু জেলা প্লাবিত হলেও বন্যা মারাত্মক রুপ নেওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া দেশের বিভিন্ন নদী অববাহিকায় পানি বিপদসীমার ওপর প্রবাহিত হলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা কমে যাবে।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আজ বৃহস্পতিবার সচিবালয়ের তাঁর কার্যালয়ে দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেন। দেশব্যাপী বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রমেশ চন্দ্র সেন জানান, ব্রক্ষপুত্র, পদ্মা ও যমুনা অববাহিকার ছয়টি নদীর ১১টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের মাঠপর্যায়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নদ-নদীতে গত কয়েক দিনে পানি যতটা বেড়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা কমে যাবে। বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিলেও তা মারাত্মক রুপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।