আগামী ২০১১-১২ অর্থবছরের জন্য সরকারের রাজস্ব আদায় পরিকল্পনা এক লাখ ১৮ হাজার কোটি টাকা হতে পারে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা থেকে তা ২৫ হাজার কোটি এবং সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ২২ হাজার কোটি টাকা বেশি। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন অর্থবছরে বার্ষিক মূল্যস্ফীতির হার আট শতাংশের কাছাকাছি এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ধরা হবে ৭ শতাংশের কাছাকাছি। বাজেট ঘাটতি গতবারের মতো এবারও ধরা হবে ৫ শতাংশই। সব মিলিয়ে নতুন বাজেটের আকার হবে এক লাখ ৬০ থেকে ৬২ হাজার কোটি টাকার মধ্যে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হতে পারে ৪৬ হাজার কোটি টাকা। আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট উপস্থাপিত হওয়ার কথা। রাজস্ব আদায়: রাজস্ব সংগ্রহের প্রধান তিন উৎস— এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) নিয়ন্ত্রণাধীন কর, এনবিআর-বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি। তিন উৎসেই করের পরিমাণ বাড়ানো হয় প্রতিবছর। জানা গেছে, আগামী বছর কর ব্যতীত প্রাপ্তি থেকেও বেশি রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। সূত্র জানায়, আগামী অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরের নিয়ন্ত্রণাধীন কর ৯২ হাজার কোটি টাকা, এনবিআর-বহির্ভূত কর চার হাজার কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তি থাকতে পারে ২২ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে এনবিআরের নিয়ন্ত্রণাধীন কর ৭২ হাজার ৫৯০ কোটি টাকা, এনবিআর-বহির্ভূত কর তিন হাজার ৪৫২ কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তি ছিল ১৬ হাজার ৮০৫ কোটি টাকা। সম্প্রতি এনবিআরের নিয়ন্ত্রণাধীন করের সংশোধিত লক্ষ্যমাত্রা তিন হাজার কোটি টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৫৯০ কোটি টাকা করা হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কর ব্যতীত প্রাপ্তি থেকে বেশি রাজস্ব সংগ্রহে সচেষ্ট হতে বলেছেন। সূত্র জানায়, অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানে কর ব্যতীত রাজস্বের হার অনেক কম। অনেক ক্ষেত্রেই এ হার ১০ থেকে ১৫ বছর আগে নির্ধারিত হয়েছে। আগামী অর্থবছর থেকে এ হার যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে।এনবিআর-নিয়ন্ত্রিত কর: এনবিআর-নিয়ন্ত্রিত করের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব সংগ্রহ করা হয় মূল্য সংযোজন কর (মূসক)। আমদানিপণ্য এবং দেশজ পণ্য ও সেবার ওপর এই মূসক নেওয়া হয়। এ ছাড়া রয়েছে শুল্ক প্রত্যর্পণ (ডিউটি ড্র ব্যাক) বাবদ ফেরত ও টার্নওভার কর। চলতি অর্থবছর মূসক থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ২৭ হাজার ৯২ কোটি টাকা ধরা হয়েছিল। আদায় পরিস্থিতি ভালো হওয়ায় এক হাজার ২০০ কোটি টাকা বাড়িয়ে এরই মধ্যে সংশোধিত লক্ষ্যমাত্রা করা হয়েছে ২৮ হাজার ২৯২ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য তা ৩০ হাজার কোটি টাকার বেশি করা হচ্ছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। এর পরের অবস্থানে রয়েছে আয় ও মুনাফার ওপর কর। চলতি অর্থবছর আয় ও মুনাফা থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ২১ হাজার কোটি টাকা থাকলেও লক্ষ্যমাত্রা সংশোধন করে আরও এক হাজার ১০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর তা করা হচ্ছে ২৭ হাজার কোটি টাকার মতো। এনবিআর-নিয়ন্ত্রিত করের মধ্যে এ ছাড়া রয়েছে সম্পূরক শুল্ক, আমদানিশুল্ক, আবগারিশুল্ক এবং অন্যান্য কর ও শুল্ক। সম্পূরক শুল্ক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৮৬৬ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে ১৫ হাজার কোটি টাকারও বেশি। আর আমদানিশুল্ক চলতি অর্থবছর ১০ হাজার ৮৮৫ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১২ হাজার কোটি টাকার মতো। তবে ভ্রমণকরসহ অন্যান্য কর ও শুল্ক এবং আবগারিশুল্ক খুব বেশি বাড়ছে না বলে জানা গেছে। এনবিআর-বহির্ভূত কর: এনবিআর-বহির্ভূত করের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব সংগ্রহ করা হয় নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয় থেকে। চলতি অর্থবছর এ খাতে আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে এক হাজার ৯৬২ কোটি টাকা। নতুন অর্থবছরে হতে পারে দুই হাজার ৩০০ কোটি টাকা। ভূমি রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের ৫৪৯ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭০০ কোটি টাকা হতে পারে। এ ছাড়া মাদকশুল্ক ৭১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮০ কোটি টাকা এবং যানবাহন কর ৮৭০ কোটি থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হবে। অর্থ বিভাগের শীর্ষপর্যায়ের একজন কর্মকর্তা জানান, ভূমি রাজস্ব থেকেই কয়েক হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে। প্রতিবছর তা চিন্তাও করা হয়। কিন্তু নানা বিবেচনায় শেষ পর্যন্ত পিছিয়ে যায় সরকার। কর ব্যতীত প্রাপ্তি: কর ব্যতীত প্রাপ্তির মধ্যে চলতি অর্থবছর প্রশাসনিক ফি আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে দুই হাজার ৭৮০ কোটি টাকা। পাসপোর্ট, লাইসেন্স, দলিল নিবন্ধন, ট্রেডমার্ক, বিবাহ নিবন্ধনসহ কমপক্ষে ২৫ ধরনের প্রশাসনিক ফি থেকে আগামী অর্থবছর চার হাজার ২০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। এ ছাড়া সুদ দুই হাজার ১৭৩ কোটি টাকা থেকে বাড়িয়ে দুই হাজার ৫০০ কোটি টাকা ধরা হতে পারে। আবার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিকবহির্ভূত প্রতিষ্ঠান থেকে সরকার প্রতিবছর যে লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে, আগের অর্থবছর থেকে চলতি অর্থবছর তা অর্ধেকেরও অনেক কম ধরা হয়েছিল। আগামী অর্থবছরও খুব বেশি বাড়ানো হবে না। চলতি অর্থবছর এ খাতের লক্ষ্যমাত্রা এক হাজার ৪৪২ কোটি টাকা, যা আগের অর্থবছর ছিল তিন হাজার ৬৮১ কোটি টাকা। প্রতিরক্ষা বাবদ প্রাপ্তি চলতি অর্থবছরের এক হাজার ৮৫১ কোটি টাকা থেকে বাড়িয়ে দুই হাজার কোটি টাকারও বেশি ধরা হতে পারে। প্রতিরক্ষা প্রাপ্তির মধ্যে প্রতিবছর সবচেয়ে বেশি অর্থ আয় হয় জাতিসংঘে সেনা পাঠানোর মাধ্যমে। এ ছাড়া ভাড়া ও ইজারা, টোল ও লেভি, অ-বাণিজ্যিক বিক্রয়, রেলপথ, কর ব্যতীত অন্যান্য রাজস্ব ও প্রাপ্তি, ডাক বিভাগ, মূলধন রাজস্ব এবং জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ থেকেও বেশি পরিমাণে রাজস্ব সংগ্রহের পরিকল্পনার কথা থাকছে নতুন বাজেটে।