বড় বাজেট হলেও নতুন উদ্যোগ তেমন থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের বাজেটে নতুন কোনো উদ্যোগ খুব বেশি থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।মোট দেশজ উত্পাদন (জিডিপি) এবং বার্ষিক মূল্যস্ফীতি দুটোরই ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলনের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নতুন বাজেট একটু বড় হবে। এর আকার হবে এক লাখ ৩২ হাজার কোটি টাকারও বেশি। যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থাকবে ৩৮ থেকে ৪০ হাজার কোটি টাকার মতো। বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৈঠকে গণমাধ্যমের প্রতিনিধিরা বিদ্যুত্ খাতকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, ভৌত অবকাঠামো, ডিজিটাল বাংলাদেশ, তামাকের বিকল্প উত্পাদনে প্রণোদনা দেওয়া, হিমাগার ও খাদ্য গুদাম তৈরি, যুদ্ধাপরাধীদের বিচার, সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানো এবং বছরের শুরু থেকেই এডিপি বাস্তবায়নের পরামর্শ দেন।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি অর্থবছরের প্রথম দিকে লক্ষ্যমাত্রার মধ্যেই ছিল। শেষের দিকে একটু খারাপ হয়েছে। তারপরও স্থিতিশীলই বলা যেতে পারে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের সমমূলধন তহবিলের (ইইএফ) অবস্থা আগের চেয়েও ভালো। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এটি দেখাশোনা করছে। প্রকল্পে অর্থ ছাড় করা হচ্ছে অনেক যাচাই-বাছাই করে। মুদ্রানীতি ও মূল্যস্ফীতি—উভয় দিক থেকেই উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ভালো বলেও মনে করেন তিনি। ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, ট্রাফিক দৃষ্টিকোণ থেকে রাজধানী ঢাকা একটি পঙ্গু শহরে পরিণত হয়েছে। এ ব্যাপারে বিহিত করতে বাজেটে দিকনির্দেশনা থাকা দরকার। প্রথম আলোর উপসম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আগামী বাজেটে বিদ্যুতের ওপর সরকারের গুরুত্ব দেওয়ার চিন্তা খুবই সঠিক সিদ্ধান্ত। তবে বিদ্যুত্ দেওয়ার আগে যেন দাম বাড়ানো না হয়। দেওয়ার পর দাম বাড়ালেও জনগণ কিছু মনে করবে না।কাগজ আমদানিতে শূন্য শুল্ক রাখার কথা উল্লেখ করে আব্দুল কাইয়ুম বলেন, ‘বিজ্ঞাপনদাতারা তিন থেকে চার শতাংশ ভ্যাট কেটে রাখলেও সরকারকে তা দেয় না। পরে আমাদের তা পরিশোধ করতে হয়। বিষয়টির সুরাহা হওয়া উচিত।’চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, কক্সবাজার ও বান্দরবানে ৩০ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। অথচ পোলট্রি খাদ্য হিসেবে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। ভুট্টা চাষে উত্সাহিত করে তামাক চাষ বন্ধ করতে হবে।সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান বলেন, যুদ্ধাপরাধীরা শতকোটি টাকার বাজেট নিয়ে নেমেছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের বাজেট তত পরিষ্কার নয়। তামাক চাষে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর উপসম্পাদক শামসুল হক জাহিদ। তিনি বলেন, তামাক থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় হয়। সেটা আদায় করা হবে অথচ ঋণ দেওয়া হবে না—বিষয়টি যথাযথ নয়।এ ছাড়া ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী, জনকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ইনকিলাব-এর নগর সম্পাদক জাকারিয়া কাজল প্রমুখ আলোচনায় অংশ নেন।এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়: বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে গতকাল বিকেলে অনুষ্ঠিত আরেক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আগামী বাজেটে সংস্কৃতি খাতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন।আলোচনায় অংশ নেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ আবু সায়ীদ, কাজী ফারুক আহমেদ, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মুসলিম, অ্যারোমা দত্ত, সালমা খান, তাসনীম সিদ্দিকী, আবু নাসের খান, ফারাহ কবীর প্রমুখ।বক্তারা সবুজ ও নীল বাংলাদেশ গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশের বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেন।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, অনেক সাফল্য থাকলেও সরকারের কাছে সংস্কৃতি খাত উপেক্ষিত। বরাদ্দও নামেমাত্র এ খাতে। অথচ ন্যূনতম সহায়তার অভাবে বেসরকারিভাবে গড়ে ওঠা দেশের পাঠাগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে।